অবরোধের আগের রাতে সিলেটে স্কুলবাসে আগুন
বাসটি জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বলে জানায় পুলিশ।
বিএনপি-জামায়াতের ডাকা সপ্তম দফা অবরোধের আগের রাতে সিলেট নগরীতে একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর কুমারগাঁও বাস স্ট্যান্ডের পাশে গ্যাস অফিসের সামনে এ ঘটনা ঘটে বলে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ জানান।
তিনি বলেন, “বাসটি সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের। বাসটিতে করে শিক্ষার্থী পরিবহন করা হয় এবং রাতে গ্যাস অফিসের সামনে থাকত। আগুনে বাসের ছয়টি আসন পুড়ে গেছে।”
সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ বলেন, “সন্ধ্যায় মোটরসাইকেলে করে দুইজন ব্যক্তি এসে প্রথমে বাসটির গ্লাস ভাঙচুর করে। পরে আগুন ধরিয়ে দেয়।”
পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন বলে তিনি জানান।
