২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এক্সপ্রেসওয়েতে বাস চাপায় প্রাণ গেল দুই ভাইয়ের

বিকাল ৩টার দিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোল চত্বরের ফ্লাইওভার এলাকায় এই ঘটনা ঘটে।

এক্সপ্রেসওয়েতে বাস চাপায় প্রাণ গেল দুই ভাইয়ের

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2023, 07:04 PM

Updated : 24 Jul 2023, 07:04 PM

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ইলিশ পরিবহনের একটি বাসের ধাক্কায় দুই সহোদরের মৃত্যু হয়েছে। 

সোমবার বিকাল ৩টার দিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোল চত্বরের ফ্লাইওভার এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাইওয়ে থানার এসআই মো. জুয়েল। 

নিহত দুই ভাই হলো-মেহেরপুর জেলার নতুন দরবেশপুর গ্রামের আদম আলীর ছেলে মাহফুজুর রহমান (২৯) এবং হামিম (১৪)। 

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই জুয়েল বলেন, দুপুরে ট্রেন থেকে ভাঙ্গা রেলস্টেশনে নামে দুই ভাই। এরপর ঢাকামুখী বাসের খোঁজে গোল চত্বরে দাঁড়ায়। সেসময় ইলিশ পরিবহনের ঢাকাগামী একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মাহফুজুর ও হামিমকে চাপা দেয়। 

ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয় জানিয়ে এসআই বলেন, বাসের ভেতরের যাত্রী ও স্থানীয়দের ধাওয়ায় বাসটি ফেলেই পালিয়ে যায় চালক। পরে দুই ভাইয়ের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হয়। বাসটিও জব্দ করা হয়েছে। 

নিহত দুই ভাইয়ের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, পরিবারের সদস্যরা এলে লাশ হস্তান্তর করা হবে।