পটুয়াখালীতে চেক জালিয়াতির অভিযোগে মাদরাসা সুপার আটক
মাদরাসার সভাপতি বলেন, “এর আগেও সুপার অন্তত ১৫ বার আমার স্বাক্ষর জালিয়াতি করে প্রতিষ্ঠানের টাকা তুলে নিয়ে গেছেন।”
পটুয়াখালীর দশমিনা উপজেলায় স্বাক্ষর জাল করে টাকা তোলার চেষ্টার অভিযোগে এক মাদরাসা সুপারকে পুলিশে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
মঙ্গলবার দুপুরে অগ্রণী ব্যাংক দশমিনা বন্দর শাখায় এ ঘটনা ঘটে বলে দশমিনা থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার জানান।
আটক মো. মোশারফ হোসেন উপজেলার দক্ষিণ আরজবেগী দাখিল মাদরাসার সুপার হিসেবে কর্মরত রয়েছেন।
অগ্রণী ব্যাংকের দশমিনা শাখার ব্যবস্থাপক মো. ইমাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাদরাসা সুপার ৪৩ হাজার টাকার একটি চেক নিয়ে টাকা উত্তোলনের জন্য আসেন। মাদরাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেনের স্বাক্ষর না মেলায় গোপনে তাকে বিষয়টি জানানো হয়। তখন সভাপতি জানান, তিনি কোনো চেকে স্বাক্ষর করেননি।
পরে মাদ্রাসা সুপারকে চাপ দিলে তিনি জালিয়াতির বিষয়টি স্বীকার করেন। তখন পুলিশে খবর দিলে তাকে থানায় নিয়ে যাওয়া হয় বলে জানান ব্যবস্থাপক।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাতে বলেন, তিনি ঢাকায় ছিলেন। বিষয়টি জানার পর পরই দশমিনায় পৌঁছেছেন। মামলার প্রস্তুতি নিচ্ছেন।
এ সময় তিনি আরও বলেন, “এর আগেও সুপার অন্তত ১৫ বার আমার স্বাক্ষর জালিয়াতি করে প্রতিষ্ঠানের টাকা তুলে নিয়ে গেছেন।”
ওসি আনোয়ার বলেন, “সুপার থানা রয়েছেন। অভিযোগ পেলেই আমরা ব্যবস্থা নেব।”
