মেঘনায় জাটকা ধরায় ৫ জেলের অর্থদণ্ড, কারেন্ট জাল জব্দ
জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং জাটকা গরিব- দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীতে জাটকা ধরার সময় পাঁচ জেলেকে আটকের পর অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারেন্ট জাল ও জাটকা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার রাত ১০টায় কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন।
অর্থদণ্ড প্রাপ্ত জেলেরা হলেন- সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদী এলাকার লুৎফর রহমান, ইদ্রিস আলী ও কুদ্দুস আলী, মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকার মেহেদী হাসান ও লোকমান। তাদের ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার নির্দেশে মঙ্গলবার বেলা আড়াইটা থেকে রাত ৮টা পর্যন্ত মেঘনা নদীর এলাকার বহরিয়া, মিনি কক্সবাজার, কাছিকাটা, লালপুর, শফরমালী, আনন্দ বাজার এলাকায় কোস্ট গার্ড ও নৌপুলিশসহ বিশেষ কম্বিং অপারেশন পরিচালিত হয়।
অভিযানে পাঁচ জেলেকে আটকের পাশাপাশি জব্দ করা হয় এক লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ১০ কেজি জাটকা।
সহকারী মৎস্য কর্মকর্তা আরও জানান, জব্দ করা জাল দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দ করা জাটকা গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
