রংপুরে ‘মাদক কারবার’ নিয়ে দ্বন্দ্বে বড়ভাইকে খুনের অভিযোগ
“নিহত হেলালের পুরো পরিবার মাদক কারবারের সঙ্গে জড়িত, পরিবারের সদস্যদের নামে থানায় একাধিক মামলাও রয়েছে।”
রংপুরের পীরগঞ্জে ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাতে পীরগঞ্জ পৌরসভার বৈরাগী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে বুধবার জানিয়েছেন পীরগঞ্জ থানার ওসি আনোয়ারুল আলম।
নিহত ব্যক্তির নাম হেলাল (৩৬)। তিনি পীরগঞ্জ পৌরসভার বৈরাগী পাড়ার মৃত আব্দুর রহমান মেম্বারের ছেলে।
ওসি জানান, নিহত হেলালের পুরো পরিবার মাদক কারবারের সঙ্গে জড়িত। পরিবারের সদস্যদের নামে থানায় একাধিক মামলাও রয়েছে।
তিনি বলেন, “নিহত হেলাল মাদক মামলায় এক মাস জেল খেটে মঙ্গলবার জামিনে মুক্তি পেয়ে বিকালে বাড়িতে যান। রাত ১০টার দিকে হেলালের সঙ্গে মাদক ব্যবসা নিয়ে তার ছোট ভাই মহিবুলের সঙ্গে কথাকাটাকাটি হয়। এর এক পর্যায়ে বড় ভাই হেলালকে ছুরি দিয়ে আঘাত করেন তিনি। গুরুতর আহত অবস্থায় হেলালকে স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
পরে হেলালের পরিবারের পক্ষ থেকে চারজনকে আসামি করে মামলা করা হয়।
এ মামলায় মূল অভিযুক্ত মহিবুলের স্ত্রী ফাতেমাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঘটনার পর থেকে মহিবুল পলাতক বলেও জানান ওসি।
