২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে পুলিশ কর্মকর্তা ২ ভাইয়ের বাসায় `ডাকাতি’

বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনে গিয়েছিলেন দুই এসআই।

ঝালকাঠিতে পুলিশ কর্মকর্তা ২ ভাইয়ের বাসায় `ডাকাতি’

ডাকাতরা ঘরের বিভিন্ন মালামাল ও কাপড়-চোপড় তছনছ করে|

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2023, 12:04 PM

Updated : 23 Aug 2023, 12:04 PM

ঝালকাঠির নলছিটিতে পুলিশের দুই এসআইয়ের বাসায় ‘ডাকাতি’ হয়েছে । তারা দুই ভাই পরিবার নিয়ে একই বাসায় থাকতেন।

মঙ্গলবার রাত ২টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের তূর্য্য ফিলিং স্টেশনের পাশে এক বাসায় এ ঘটনা ঘটে বলে নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান জানান।

দুই এসআইয়ের মধ্যে মিজানুর রহমান নলছিটি থানায় এবং তার ছোট ভাই আল মামুন ঢাকায় কর্মরত।

বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার তারা গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনে যান। বাসায় তাদের ছেলে, মেয়ে ও ভাগ্নেরা ছিল।

ওসি আতাউর জানান, গভীর রাতে আট থেকে নয় জন বারান্দা থেকে দ্বিতীয় তলার বেলকনি দিয়ে বাসায় ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাতরা ঘরের বিভিন্ন মালামাল ও কাপড়-চোপড় তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।

খবর পেয়ে ভোলা থেকে রওয়ানা হওয়া এসআই মিজান মুঠোফোনে বলেন, “আমি ও আমার ভাই একসঙ্গেই থাকি। ডাকাতরা আমাদের ছেলে-মেয়েকে জিম্মি করে কিছু নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। বাসায় ফিরে আসলে বলা যাবে কি পরিমাণ ক্ষতি হয়েছে।”

ওসি আতাউর বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিভিন্ন আলামত সংগ্রহ চলছে।”

বিষয়টি ‘ডাকাতি’ না ‘দস্যুতা’ তা তদন্ত করে দেখা হচ্ছে; এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।