২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে কৃষক হত্যায় একজনের যাবজ্জীবন

২০১৫ সালে জমির বিরোধের জেরে ছোবহানকে হত্যা করা হয়।

শেরপুরে কৃষক হত্যায় একজনের যাবজ্জীবন

শেরপুরে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2023, 08:52 PM

Updated : 29 Aug 2023, 08:51 PM

শেরপুরে জমির বিরোধে কৃষককে হত্যা দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার শেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান সরকারি কৌঁসুলি (পিপি) চন্দন কুমার পাল।

দণ্ডিত মো. স্বর্ণবালী (৪৩) নকলা উপজেলার বাউশা পূর্বপাদড়া গ্রামের বাসিন্দা।

মামলার বরাত দিয়ে পিপি চন্দন কুমার বলেন, ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি ভোরে জমির বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে খুন হন কৃষক আব্দুস ছোবহান। ওই দিন ছোবহানের স্ত্রী মাজেদা খাতুন বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেন।

তিনি আরও বলেন, এরপর আসামি স্বর্ণবালীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি আদালতে জবানবন্দি দেন।

তদন্ত শেষে একই বছরের ৫ অগাস্ট স্বর্ণবালীকে একমাত্র আসামি করে এসআই তারিকুল ইসলাম আদালতে অভিযোগপত্র জমা দেন । এরপর ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেয়।

রায়ে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা; অনাদায়ের আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।