২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ট্রলি উল্টে খাদে, চাপা পড়ে চালকের মৃত্যু

রাস্তার পাশে খাদে চাকা পড়ে ট্রলি উল্টে গেলে চালক নিচে চাপা পড়েন বলে জানায় ফায়ার সার্ভিস।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2024, 11:05 PM

Updated : 05 Apr 2024, 11:05 PM

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ট্রলি উল্টে খাদে পড়ে এক চালক নিহত হয়েছেন।

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বদরপুর খাদ্য গুদাম এলাকায় এ ঘটনা ঘটে বলে মেহেন্দিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আলী আশরাফ জানান।

নিহত ট্রলিচালক সুমন হাওলাদার (৩৫) উপজেলার চানপুর ইউনিয়নের চর খাককাটা গ্রামের প্রয়াত জলিল হাওলাদারের ছেলে।

আলী আশরাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুমন ট্রলি (হামজা) চালিয়ে ধুলিয়া মধ্যচর থেকে পাতারহাট বন্দরের দিকে যাচ্ছিলেন। পথে রাস্তার পাশে খাদে চাকা পড়ে ট্রলিটি উল্টে যায়। এতে সুমন নিচে চাপা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জ থানার ওসি ইয়াসিনুল হক।