১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ছুরি মেরে আওয়ামী লীগ নেতাকে হত্যা

আশরাফ আলী দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 05:49 PM

Updated : 19 Nov 2026, 05:49 PM

সিরাজগঞ্জের এনায়েতপুরে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে এনায়েতপুর থানার ওসি জাহিদ হোসেন জানিয়েছেন।

নিহত আশরাফ আলী (৫৮) দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং গোপরেখী ধরপাড়ার সোহরাব আলী ব্যাপারীর ছেলে।

নিহতের ছোট ভাই মো. রেজাউল অভিযোগ করেন, বুধবার রাত ১০টার দিকে তার বড় ভাই আশরাফ আলী গোপরেখী ফুটানি মার্কেটে ইয়ামিনের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় ১০-১৫টি মোটরসাইকেলে স্থানীয় বিএনপি নেতা রইজ ব্যাপারী এবং এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ শিকদার, আলামিন শিকদার ও হজরত আলীর নেতৃত্বে ২০-৩০ জন নেতাকর্মী সেখানে আসেন।

তারা কোনো কারণ ছাড়াই আশরাফ আলীকে মারধর ও ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায় বলে অভিযোগ করেন রেজাউল।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ শিকদারকে মোবাইলে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।

এনায়েতপুর থানার ওসি জাহিদ হোসেন বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।