ঠাকুরগাঁওয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ বাড়ির গলিতে
“সকালে বাড়ির জানালা দিয়ে ছেলের নিথর দেহ পড়ে থাকতে দেখি।”
ঠাকুরগাঁও শহর থেকে দুদিন আগে নিখোঁজ পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের ধারণা, তাকে অপহরণ করে হত্যা করা হয়েছে।
শনিবার সকালে শহরের মাদ্রাসাপাড়া এলাকা থেকে ওই স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয় বলে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার জানান।
নিহত ১২ বছর বয়সী নিরব ওই এলাকার ওমান প্রবাসী আব্দুল সালাম বাবুলের ছেলে এবং স্থানীয় কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার বলেন, “বৃহস্পতিবার থেকে নিরবের খোঁজ মিলছিল না। এ ঘটনায় তার পরিবার থেকে থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি করা হয়।
“শনিবার সকালে খবর পাওয়া যায়, ওই ছাত্রের লাশ তার বাড়ির গলিতে পড়ে আছে। তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।”
নিহত স্কুলছাত্রের মা শিল্পী খাতুন বলেন, “বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে আমার ছেলে নিরব আর বাড়িতে ফিরে আসেনি। সকালে বাড়ির জানালা দিয়ে পাশের গলিতে ছেলের নিথর দেহ পড়ে থাকতে দেখি।”
তিনি বলেন, “ছেলেকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্ন আর কখনও বাস্তবে রূপ নেবে না। আমার সন্তানকে কেউ হয়তো অপরহণ করে হত্যা করেছে।”
এটি হত্যাকাণ্ড কী-না জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার বলেন, “এটা এই মুহুর্তে বলা যাচ্ছে না। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নিরবের লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে বিষয়টি পরিষ্কার হবে।”
