২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির ২৯৪ কোটি টাকার বাজেট, ১.৮৮% গবেষণায়

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি ২৭১ কোটি ৮১ লাখ টাকা অনুদান দেবে; বিশ্ববিদ্যালয় থেকে আয় হবে ২২ কোটি টাকা ৩৫ লাখ টাকা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2023, 10:49 PM

Updated : 24 Jun 2023, 10:49 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ অর্থবছরের জন্য ২৯৪ কোটি ১৬ লাখ টাকার বাজেট পাস হয়েছে। যার ১ দশমিক ৮৮ ভাগ ব্যয় হবে গবেষণায়। 

শনিবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগরের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে এ বাজেট উত্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার। পরে সিনেটরদের সম্মতিতে তা পাস হয়।  

বাজেটে গবেষণা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৫ কোটি ৫২ লাখ টাকা। 

এ ছাড়া চিকিৎসা খাতে বাজেট ধরা হয়েছে দুই কোটি ৮৯ লাখ ২৬ হাজার টাকা। যা মোট বাজেটের দশমিক ৯৮ শতাংশ।  

গত বছর এ দুই খাতে বাজেট ছিল যথাক্রমে ৪ কোটি ৪২ লাখ ও ২ কোটি ৭৪ লাখ ১১ হাজার টাকা। 

খাত দুটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সিনেটর (রেজিস্টার্ড গ্র্যাজুয়েট) শিহাব উদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এগুলো গতানুগতিক বরাদ্দ। গবেষণা আর চিকিৎসা খাতে নজর না দেওয়ার কারণে বিশ্ববিদ্যালয় হিসেবে জাহাঙ্গীরনগর পিছিয়ে পড়ছে৷  শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক দুই ধরনের চিকিৎসা সেবাই নিশ্চিত করা উচিত৷” 

গবেষণার মান আন্তর্জাতিক স্তরে পৌঁছানোর লক্ষ্যে নীতিমালা জরুরি বলে মনে করেন এ সিনেটর। 

এবারের বাজেটে ২৯৪ কোটি ১৬ লাখ টাকার বাজেট বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি ২৭১ কোটি ৮১ লাখ টাকা অনুদান দেবে। আর বিশ্ববিদ্যালয় থেকে আয় হবে ২২ কোটি টাকা ৩৫ লাখ টাকা। 

এবারের বাজেটে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাবদ বরাদ্দ রাখা হয়েছে ১৭৫ কোটি ২৯ লাখ টাকা। যা মূল বাজেটের ৫৯ দশমিক ৫৯ শতাংশ।  

পেনশন ও অবসরকালীন সুবিধা বাবদ বরাদ্দ ৪২ কোটি ৩৩ লাখ টাকা। যা মোট বাজেটের ১৪ দশমিক ৩৯ শতাংশ।  

পণ্য ও সেবা (সাধারণ আনুষাঙ্গিক) ব্যয় ধরা হয়েছে ৫৬ কোটি ৫ লাখ টাকা। যা মোট বাজেটের ১৯ দশমিক ০৫ শতাংশ।  

পণ্য ও সেবা (রক্ষণাবেক্ষণ ও মেরামত) ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ২৬ লাখ টাকা। প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৪২ লাখ টাকা। যা মোট বাজেটের দশমিক ১৪ শতাংশ।  

এছাড়া যন্ত্রপাতি খাতের ব্যয় বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৩ কোটি ৫৬ লাখ টাকা। যা মোট বাজেটের ১ দশমিক ২১ শতাংশ।  

যানবাহন ক্রয় বাবদ বরাদ্দ রাখা হয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা। যা মোট বাজেটের দশমিক ৫১ শতাংশ৷  

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৫৫ লাখ টাকা। যা মোট বাজেটের দশমিক ১৯ শতাংশ।  

অন্যান্য ও মূলধন জাতীয় বরাদ্দ ৫০ লাখ টাকা। যা মোট বাজেটের দশমিক ১৭ শতাংশ।  

অন্যান্য ব্যয় বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৪ কোটি ১৮ লাখ টাকা। যা মোট বাজেটের ১ দশমিক ৪২ শতাংশ৷  

অধিবেশনে ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটও পেশ করা হয়। সংশোধিত এ বাজেটের আকার ২৮৭ কোটি ১ লাখ টাকা। সংশোধিত বাজেটে ঘাটতির পরিমাণ ৭ কোটি ৮৮ লাখ টাকা। 

৪০তম সিনেট অধিবেশনের আলোচনায় সিনেটররা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। 

আলোচনায় অধিকাংশ সিনেটর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের ওপর জোর দিয়ে আলোচনা করেন। 

তাছাড়া গণরুম সংকট, স্বাস্থ্য বীমা, একাডেমিক সেশন জট নিরসন নিয়েও আলোচনা করেন সিনেটররা। 

অধিবেশনে সিনেট সভাপতি উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, “শিক্ষার্থীদের জন্য আমরা অনেক ধরনের কাজ করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের পুরাতন পরিবহন চত্বরে ‘বঙ্গবন্ধু স্কয়ার’ নির্মাণের পরিকল্পনা করছি, ‘ফাইন আর্টস’ নামে নতুন একটি অনুষদ নির্মাণ হওয়ার পথে। 

“এছাড়া একটি প্রকৌশল অনুষদ ও ইনস্টিটিউট অব এজ্যুকেইশন অ্যান্ড রিসার্চ (আইইআর) করার চিন্তা আমাদের রয়েছে। এর অধীনে থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ।” 

শিক্ষার্থীদের স্বাস্থ্য বীমা নিয়ে কীভাবে কাজ করা যায় সেটি নিয়ে আলোচনা হচ্ছে বলে জানান সিনেট সভাপতি।  

অধিবেশনে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, রেজিস্ট্রার রহিমা কানিজ, সিন্ডিকেট সদস্য ও রেজিস্ট্রার্ড গ্রাজুয়েট প্রতিনিধিরা ছিলেন। 

এর আগে বিকাল ৪টার দিকে উপাচার্যের ভাষণে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নির্বাচন নিয়ে বক্তব্য না আসায় প্রতিবাদ করেন বিএনপিপন্থী শিক্ষক অধ্যাপক সামসুল আলম এবং ১০ মিনিট ওয়াকআউটে যাওয়ার কথা বলেন। 

এ সময় আরেক সিনেটর মোতাহার হোসেন মোল্লা তর্কে জড়ান। এক পর্যায়ে সামসুল আলমকে ‘বেয়াদব’ বলেন মোতাহার হোসেন। এর জেরে হট্টগোল শুরু হয়। পরে ১০ মিনিটের জন্য ওয়াকআউটে যান বিএনপিপন্থী সিনেটররা।