যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তিতে শাবিতে ‘বুটক্যাম্প’
শিক্ষার্থীদের কাছ থেকে ‘নীতি সুপারিশ’ তুলে আনার পাশাপাশি তা বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে প্রত্যাশা আয়োজকদের।
যুক্তরাষ্ট্র-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে হয়ে গেল দুই দিনব্যাপী ‘বুটক্যাম্প’।
আগামী ৫০ বছর পর দুই দেশের সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছাবে এমন প্রত্যাশা নিয়ে বৃহস্পতিবার সকালে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক কবির হোসেন।
শুক্রবার বিকাল ৫টায় এর সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান প্রেনিউর ল্যাবের হেড অব অপারেশন্স এম আশরাফুল তানভীর।
তিনি বলেন, মার্কিন দূতাবাস, সিলেটের আমেরিকান কর্নার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শাবি প্রেসক্লাবের সহযোগিতায় ‘কো-ক্রিয়েট-২০৭১’ শীর্ষক এই বুটক্যাম্প সম্পন্ন হয়েছে।
এই ক্যাম্পের উদ্দেশ্য ছিল, শিক্ষার্থীদের কাছ থেকে ‘নীতি সুপারিশ’ তুলে আনা; যেগুলো বাস্তবায়নের মাধ্যমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি জানান।
আশরাফুল তানভীর আরও বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের আগামী ৫০ বছরের সম্পর্কের বিকাশ ও উন্নয়নে দেশ দুটির একে-অপরের থেকে এখনো অনেক কিছু শেখার রয়েছে। ক্যাম্পে এ বিষয়ে শিক্ষার্থীদের অবহিত করা হয়েছে। আগামী ৫০ বছর যাতে এ সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছায় সেজন্য তরুণ উদ্যোক্তাদের অনেক ভূমিকা রাখার সুযোগে রয়েছে।
“বুটক্যাম্পে এক্সপার্ট সেশন, প্যানেল আলোচনা, নীতি সুপারিশ কর্মশালা, সচেতনতার জন্য ডিজিটাল কন্টেন্ট তৈরি এবং দলীয় কাজসহ ইত্যাদি সেশনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৮০ শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।”
বুটক্যাম্পের প্রথম দিন ‘গণতান্ত্রিক মূল্যবোধ ও নীতি সুপারিশ’ নিয়ে আলোচনা করেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক জায়েদা শারমিন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রণব কান্তি দেব ও আমেরিকান কর্নার সিলেটের পরিচালক মোস্তফা কামাল।
এ ছাড়া ডিজিটাল যুগে ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির জন্য ‘ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন’ অধিবেশন পরিচালনা করেন প্রেনিউর ল্যাবের কন্টেন্ট ক্রিয়েশন এক্সপার্ট নূরুন নকিব অনিম।
বুটক্যাম্পের দ্বিতীয় দিনে আলোচনার বিষয় ছিল ‘উদ্ভাবন ও উদ্যোক্তা’। সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায় এ বিষয়ে একটি সেশন পরিচালনা করেন; এতে তরুণদের উদ্যোক্তা হয়ে উঠতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন তিনি।
এ ছাড়া শাবির ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক মো. মনিরুল ইসলাম, রসায়ন বিভাগের অধ্যাপক নূর উদ্দিন আহমদ ও প্রেনিউর ল্যাবের সহ-প্রতিষ্ঠাতা রাখশান্দা রুখাম উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের কথা তুলে ধরেন।
একইসঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের বৃত্তি পেতে কার্যকরী পদক্ষেপ ও অভিজ্ঞতা তুলে ধরেন আলোচকরা।
অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও বুটক্যাম্প অনুষ্ঠিত হবে জানিয়ে প্রেনিউর ল্যাবের কন্টেন্ট ক্রিয়েশন এক্সপার্ট নূরুন নকিব অনিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসব কর্মশালা ভবিষ্যৎ নীতি নির্ধারকদের; বিশেষ করে তরুণদেরকে বিশেষজ্ঞদের সঙ্গে সংযোগ স্থাপন এবং অর্থপূর্ণ আলোচনায় অংশগ্রহণের সুযোগ প্রদান করবে।”
সেইসঙ্গে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ককে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা আয়োজকদের।
