ফরিদপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
মিলন বিয়ের কথা বলে মেয়েটিকে ধর্ষণ করেন।
ফরিদপুরে এক কিশোরীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনালের বিচারক মো. হফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে সরকারি কৌঁসুলি (পিপি) স্বপন পাল জানান।
দণ্ডিত মিলন খান (৩২) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাসিন্দা।
মামলার বরাত দিয়ে পিপি স্বপন পাল বলেন, আসামি মিলন খান ১৪ বছর বয়সি এক কিশোরীর পরিবারকে বিয়ের প্রস্তাব দেন। কিশোরী নাবালিকা হওয়ায় বিয়ের প্রস্তাব নাকচ করে ওই পরিবার। এতে মিলন কিশোরীকে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দেন।
২০১১ সালের ২ অক্টোবর সন্ধ্যায় ওই কিশোরী পুকুরে পানি আনতে গেলে মিলন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ৩০ অক্টোবর বোয়ালমারী থানায় মিলন খানসহ চারজনকে আসামি করে মামলা করেন ওই কিশোরীর বাবা।
আইনজীবী আরও বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী থানার এসআই মো. আতিয়ার রহমান ২০১১ সালের ৩১ ডিসেম্বর মিলনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
মিলনকে যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, যা অনাদায়ে তাকে আরও এক বছরের বিনাশ্রম কারাভোগ করতে হবে, বলেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
মিলন খানের মা বলেন, “মিলনের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। তারা পালিয়ে বিয়ে করেছিল। কিশোরীর পরিবার ধনী হওয়ায় মামলা দিয়ে আমার ছেলেকে ফাঁসিয়েছেন।”
