২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ইলিশের দাম বৃদ্ধি, রপ্তানিকারকরা সংকটে

আকার ভেদে প্রতি মণ ইলিশের দাম দুই থেকে সাত হাজার টাকা পর্যন্ত বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।

বরিশালে ইলিশের দাম বৃদ্ধি, রপ্তানিকারকরা সংকটে

বরিশাল নগরীর পোর্ট রোডে ইলিশের আড়তে ক্রেতার অপেক্ষায় এক ব্যবসায়ী।

সাইদ মেমন

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 10:03 PM

Updated : 06 Oct 2023, 10:26 PM

একদিনের ব্যবধানে বরিশালে আকার ভেদে প্রতি মণ ইলিশের দাম দুই থেকে সাত হাজার টাকা পর্যন্ত বেড়েছে। এতে সংকটের মধ্যে পড়েছেন রপ্তানিকারকরা; বন্ধ রয়েছে ভারতে ইলিশ পাঠানো।

বৈরী আবহাওয়ার কারণে জেলেরা সাগরে যেতে না পারায় ইলিশের দাম বেড়েছে বলে জানিয়েছে নগরীর পোর্ট রোডের আড়তদাররা।

এদিকে মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা শুরুর আগে ভারতে রপ্তানি নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিক নিরব হোসেন টুটুল।

তিনি বলেন, বরিশাল নগরীর পোর্ট রোডের ইলিশ মোকামের পাঁচটি প্রতিষ্ঠান ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে। প্রত্যেক প্রতিষ্ঠান ৫০ টন করে ইলিশ পাঠাতে পারবে। কিন্তু এখন পর্যন্ত ১০০ টন ইলিশ পাঠানো যায়নি।

ইলিশের দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে টুটুল বলেন, “এখন সাগর উত্তাল। সতর্ক সংকেত থাকায় কোনো ট্রলার সাগরে যেতে পারছে না। নদীতেও তেমন মাছ ধরা পড়ছে না। তাই আড়তে মাছ নেই।”

ইলিশ নিষেধাজ্ঞার বাকি আছে মাত্র এক সপ্তাহ; এরমধ্যে ভারতে পর্যাপ্ত মাছ পাঠানো সম্ভব হবে কি-না তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

আরেক রপ্তানিকারক প্রতিষ্ঠানের ইয়ার আলী সিকদার বলেন, নিষেধাজ্ঞা শুরুর আগে আরও অন্তত ৫০ টন ইলিশ পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যেভাবে সংকট শুরু হয়েছে তাতে ২০ টন পাঠানো যাবে কি-না সন্দেহ রয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার পোর্ট রোড বাজারে ঘুরে দেখা গেছে, খুচরা বিক্রেতাদের কাছে ইলিশ মাছ খুব কম। যা আছে তার দাম আকাশছোঁয়া।

মেসার্স মনু আড়তের ব্যবস্থাপক আব্দুল খালেক মীর বলেন, বৃহস্পতিবার দেড় কেজি সাইজের প্রতি মণ ইলিশ বিক্রি হয়েছে ৭৮ হাজার টাকায়। এক কেজি ২০০ গ্রাম আকারের প্রতি মণ ইলিশ ৬২ হাজার টাকা, এক কেজি আকারের ৫৮ হাজার, ৬০০ থেকে ৯০০ গ্রাম ৫০ হাজার, ভেলকা (৫০০-৬০০ গ্রাম) ৪০ হাজার এবং জাটকা ১৬ হাজার টাকা দরে বিক্রি হয়েছে।

শুক্রবার একই আকারের মাছের দাম মণ প্রতি দুই থেকে সাত হাজার টাকা পর্যন্ত বেড়েছে বলে জানান তিনি।

মাছ ব্যবসায়ী মো. রানা বলেন, রপ্তানিযোগ্য আকারের প্রতি মণ ইলিশ শুক্রবার ৫৫ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। এ ছাড়া দেড় কেজি আকারের ইলিশ ৮০ হাজার টাকা, এক কেজি ২০০ গ্রাম ৬৮ হাজার, এক কেজি আকারের ৬২ থেকে ৬৪ হাজার, ভেলকা ৪৭ হাজার এবং জাটকা ১৮ হাজার টাকা দরে বিক্রি হয়েছে।

নদীতে মাছ কম ধরা পড়াকে দাম বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করেছেন এ ব্যবসায়ী।

এদিকে বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, মাছের উৎপাদন বেড়েছে। তবে সাগর উত্তাল থাকায় জেলেরা যেতে পারছেন না। বাজারে যে মাছ উঠছে; সেই মাছ নদীতে ধরা পড়েছে।

“এ সময় নদীতে এত মাছ থাকার কথা নয়। নদীতে মাছ আছে বলেই তো ধরা পড়ছে। মাছের উৎপাদন বাড়ার কারণেই নদীতে মাছ পাওয়া যাচ্ছে।”

পোর্ট রোড বাজারে মাছ কম ওঠার কারণ সম্পর্কে বিমল চন্দ্র বলেন, “আগে যে মাছ পোর্ট বাজারে আসত; পদ্মা সেতু হওয়ার কারণে সেই মাছ সরাসরি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে।

“এ ছাড়া বরিশাল থেকে এখন ভারতে মাছ রপ্তানি করার প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে; তাই পোর্ট রোডে মাছ কম।”