১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

পাঁচ বছরে ইলিশের উৎপাদন কমেছে ২৬ শতাংশ: সংসদে মৎস্যমন্ত্রী

উপকূলীয় নদীগুলোতে ছয়টি ইলিশ অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে, বলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 09:29 PM

Updated : 10 Nov 2026, 09:32 PM

দেশে গত পাঁচ অর্থবছরের হিসাবে ইলিশের উৎপাদন প্রায় ২৬ শতাংশ কমার তথ্য দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

তিনি বলেন, ২০২১-২২ অর্থবছরে উৎপাদন ছিল ৫ লাখ ৬৬ হাজার ৫৯৩ টন। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে তা কমে ৪ লাখ ১৯ হাজার ৫০০ টন হতে পারে বলে প্রাক্কলন করেছে সরকার।

মঙ্গলবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য নাজমুন নাহারের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য দেন।

এদিন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে দেশে ৫ লাখ ৬৬ হাজার ৫৯৩ টন ইলিশ উৎপাদিত হয়। পরের অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৫ লাখ ৭১ হাজার ৩৪২ টনে।

এরপর টানা তিন অর্থবছরে ইলিশের উৎপাদন কমেছে। ২০২৩-২৪ অর্থবছরে উৎপাদন হয় ৫ লাখ ২৯ হাজার ৪৮৭ টন। ২০২৪-২৫ অর্থবছরে তা আরও কমে দাঁড়ায় ৫ লাখ ২ হাজার ৪৪৪ টনে। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে ইলিশের উৎপাদন ৪ লাখ ১৯ হাজার ৫০০ টন প্রাক্কলন করা হয়েছে।

এ হিসাবে ২০২১-২২ অর্থবছরের তুলনায় ইলিশের উৎপাদন কমেছে ১ লাখ ৪৭ হাজার ৯৩ টন বা ২৫ দশমিক ৯৬ শতাংশ।

উৎপাদন বাড়াতে ছয় অভয়াশ্রম

পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে মৎস্যমন্ত্রী ইলিশের উৎপাদন বাড়াতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

তিনি বলেন, দেশে উৎপাদিত মোট মাছের প্রায় ১০ শতাংশ ইলিশ। একক প্রজাতি হিসেবে দেশের মাছ উৎপাদনে ইলিশের অবদান সবচেয়ে বেশি।

ইলিশের উৎপাদন বাড়ানো এবং টেকসই উৎপাদন নিশ্চিত করতে মেঘনার উজান ও ভাটির অববাহিকা, পদ্মা, কালাবদর, আন্ধারমানিক ও তেঁতুলিয়াসহ উপকূলীয় নদীগুলোতে ছয়টি ইলিশ অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে।

এসব এলাকায় নির্দিষ্ট সময়ে মাছ ধরা বন্ধ রাখাসহ ইলিশের প্রজনন ও সংরক্ষণে বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে।

মন্ত্রী জানান, মা ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞার সময় ৬ লাখ ২০ হাজার জেলে পরিবারকে ২৫ কেজি করে মোট ১৫ হাজার ৫০৪ টন খাদ্যসহায়তা দেওয়া হয়েছে।

এছাড়া জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের সহায়তায় ২০২৫-২৬ অর্থবছরে চার মাসে ৩ লাখ ৬৭ হাজার পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায় মাসে ৪০ কেজি করে মোট ৫৮ হাজার ৭২০ টন চাল দেওয়া হয়েছে।

একই অর্থবছরে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন উপকূলীয় এলাকায় মাছ আহরণ বন্ধ ছিল।

এ সময়ে ১৪ জেলার ৬৯টি উপজেলার ৩ লাখ ১১ হাজার ৫০০ জেলে পরিবারকে মাসে ৪০ কেজি হারে মোট ২৪ হাজার ১৬৫ দশমিক ৬৩ টন চাল দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

ইলিশ আহরণে নিষেধাজ্ঞার সময় জেলেদের বিকল্প আয়ের ব্যবস্থা করতেও সরকার উদ্যোগ নিয়েছে, বলেন আমিন উর রশিদ।

তিনি বলেন, ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায় জাটকা আহরণ নিষিদ্ধ ও মা ইলিশ সংরক্ষণকালীন জেলেদের বিকল্প কর্মসংস্থান তৈরিতে ২৬ হাজার ১৭৬টি জেলে পরিবারকে বকনা বাছুর দেওয়া হয়েছে।

পাশাপাশি ১৭ হাজার ৫০০ ইলিশ আহরণকারী জেলেকে আয় বাড়ানোর বিভিন্ন বিষয়ে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

ভবিষ্যতেও ইলিশের উৎপাদন বাড়াতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে, বলেন মন্ত্রী।

‘ইলিশের দর নির্ধারণে মৎস্য অধিদপ্তরের ভূমিকা নেই’

ইলিশের উৎপাদন ও সরবরাহের সঙ্গে খুচরা বাজারদরের সম্পর্ক নিয়ে নাজমুন নাহারের প্রশ্নের জবাবে মৎস্যমন্ত্রী বলেন, বাজারে মাছের প্রাপ্যতার ওপর দাম নির্ভর করে।

আড়তে নিলামের মাধ্যমে মাছের দাম নির্ধারিত হয়। মুক্তবাজার ব্যবস্থায় মাছের খুচরা মূল্য সরাসরি নির্ধারণের সুযোগ মৎস্য অধিদপ্তরের নেই।

তবে উৎপাদন ও সরবরাহের সঙ্গে খুচরা বাজারমূল্যের সম্পর্ক বোঝার জন্য নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে, বলেন তিনি।

দেশের বাইরে ইলিশ পাচার ঠেকাতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে অভিযান চালানোর কথাও বলেছেন মন্ত্রী।

‘অবৈধ জালে উৎপাদন ৩০-৪০% কমেছে’

ময়মনসিংহ-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের প্রশ্নের জবাবে মৎস্যমন্ত্রী বলেন, বিপন্ন মাছের প্রজাতি সংরক্ষণে কারেন্ট জালসহ সব ধরনের নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে।

অবৈধ জালের কারণে উপকূলীয় অঞ্চলে মাছের উৎপাদন ৩০ থেকে ৪০ শতাংশ কমে গেছে বলে দাবি করেন তিনি।

মন্ত্রী জানান, মাছের প্রজাতি সংরক্ষণে সারাদেশে ৮২৭টি অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, মৎস্য অধিদপ্তরের নিয়মিত কার্যক্রমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে উন্মুক্ত জলাশয়ে প্রায় ২৪৪ টন মাছের পোনা ছাড়া হয়েছে। একই অর্থবছরে ৯৭৮টি বিল নার্সারি স্থাপন করা হয়েছে। এসব নার্সারিতে মাছের পোনা বড় করা হয়।

আমিন উর রশিদ বলেন, হাওর অঞ্চলের সাত জেলায় প্রতিবছর ২৯ মে থেকে ২৮ জুন পর্যন্ত মাছ ধরার ওপর ৩০ দিনের নিষেধাজ্ঞা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া মাছের সুরক্ষা ও সংরক্ষণে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) আইন, ২০২৬’ প্রণয়নের কথা তুলে ধরেন মন্ত্রী।

উপকূলে ‘ট্রলিং’ বন্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস

চিফ হুইপ নূরুল ইসলাম মনি সম্পূরক প্রশ্ন করে বলেন, কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত নদীর মোহনা ও উপকূলীয় এলাকায় এক শ্রেণির অসাধু জেলে ‘ট্রলিং’ পদ্ধতিতে মাছ ধরছেন। এ পদ্ধতিতে নৌযান দিয়ে জাল টেনে মাছ ধরা হয়। এতে ছোট মাছ, পোনা ও মাছের ডিমও জালে আটকা পড়ে। এর ফলে মাছের প্রজনন ও বংশবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

নূরুল ইসলাম মনি ক্ষতিকর এ পদ্ধতিতে মাছ ধরা পুরোপুরি বন্ধ এবং আইন অমান্যকারীদের কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

জবাবে মৎস্যমন্ত্রী বলেন, এ ধরনের জাল মাছের পোনা ও প্রজননক্ষেত্রের ক্ষতি করছে। এতে সামুদ্রিক মাছের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অবৈধ জালের ব্যবহার বন্ধে বিভিন্ন কারখানায় অভিযান চালিয়ে জাল ধ্বংস করা হয়েছে, বলেন তিনি।

আমির উর রশিদ বলেন, উপকূলীয় এলাকায় নির্বিচারে মাছ ধরার কারণে সামুদ্রিক জীববৈচিত্র্য ও মাছের মজুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে ক্ষুদ্র মৎস্যজীবীদের জীবিকাও ঝুঁকিতে পড়ছে।

ক্ষতিকর পদ্ধতিতে মাছ ধরা বন্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

মন্ত্রী বলেন, মাছের পোনা ও প্রজননক্ষেত্র রক্ষায় সরকার কঠোর অবস্থান নেবে। প্রয়োজনে শাস্তির বিধান রেখে আইন করার উদ্যোগ নেওয়া হবে।