০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

২২ দিন জাল না ফেললে বাড়বে ইলিশের উৎপাদন: প্রতিমন্ত্রী

ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Oct 2026, 06:40 PM

Updated : 08 Oct 2026, 06:40 PM

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ২২ দিন নদীতে জাল না ফেলতে জেলেদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, “মা ইলিশ রক্ষা করা গেলে ইলিশের উৎপাদন আরও বাড়বে।”

বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের শিবচরের চরজানাজাত ইলিয়াস আহম্মেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে জেলে পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ সময়ে মা ইলিশ ধরা যাবে না। জেলেদের এই ২২ দিন নদীতে জাল না ফেলার আহ্বান জানাচ্ছি।”

তিনি বলেন, “একটি ছোট মা ইলিশ দেড় লাখ পর্যন্ত ডিম ছাড়তে পারে। আর দুই কেজি ওজনের একটি বড় ইলিশ প্রায় ২০ লাখ ডিম ছাড়ার সক্ষমতা রাখে। মা ইলিশ রক্ষা করা গেলে ইলিশের উৎপাদন আরও বাড়বে।”

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “বাংলাদেশ বিশ্বের মোট ইলিশের প্রায় ৭০ শতাংশ উৎপাদন করে। ইলিশ দেশের জাতীয় সম্পদ। কোনোভাবেই এই সম্পদ নষ্ট করা যাবে না।”

মা ইলিশ রক্ষায় জেলেদের পাশাপাশি স্থানীয় প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও রাজনৈতিক নেতাকর্মীদেরও সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ১৫১টি জেলে পরিবারের প্রত্যেককে ২৫ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হয়।

মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহম্মেদ হানজালা, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. খালেদ কনক, পুলিশ সুপার ফজলে এলাহী, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম ইবনে মিজানসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।