২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসেম ফুডে অগ্নিকাণ্ড: অভিযোগপত্রের বিরুদ্ধে নিহতদের পরিবারের নারাজি

“অভিযোগপত্রে মামলার প্রধান আসামি কারখানার মালিক ও তার ছেলেদের বাদ দেওয়ায় নারাজি দেন তারা

হাসেম ফুডে অগ্নিকাণ্ড: অভিযোগপত্রের বিরুদ্ধে নিহতদের পরিবারের নারাজি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাসেম ফুডস কারখানায় এক মাস আগে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে আরও ২১ জনের লাশ শনিবার ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে বুঝে নিয়ে যায় তাদের পরিবার। এদের দেহ এতটাই পুড়েছিল যে শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা হয়। ছবি: মাহমুদ জামান অভি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2023, 12:38 AM

Updated : 17 Oct 2023, 12:38 AM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডে ৫৪ জন নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলার অভিযোগপত্রে মালিক ও তার ছেলেদের বাদ দেওয়ায় নারাজি দিয়েছেন ভুক্তভোগী কয়েক পরিবার৷

সোমবার দুপুরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শামসুর রহমানের আদালতে অভিযোগপত্র গ্রহণের বিষয়ে দ্বিতীয় দিনের শুনানির সময় পরিবারগুলোর পক্ষ থেকে নারাজি দেওয়া হয় বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান৷

তিনি বলেন, তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আদালতে দেওয়া অভিযোগপত্রের ব্যাপারে শুনানি হলে ভুক্তভোগী তিনটি পরিবার উপস্থিত হয়ে নারাজি দেন৷

“অভিযোগপত্রে মামলার প্রধান আসামি কারখানার মালিক ও তার ছেলেদের বাদ দেওয়ায় নারাজি দেন তারা৷ আদালত এ ব্যাপারে অধিকতর শুনানির জন্য আগামী ২০ নভেম্বর তারিখ ধার্য করেছেন৷”

৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেয় তদন্তকারী সংস্থা সিআইডি৷ এ বিষয়ে ১১ সেপ্টেম্বর শুনানি হলে আদালত ওইদিন অভিযোগপত্র গ্রহণ না করে ১৬ অক্টোবরের তারিখ ধার্য করেন।

২০২১ সালের ৮ জুলাই বিকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কারখানার ৫৪ জন কর্মচারী ও শ্রমিক মারা যান৷ মৃতদের মধ্যে অনেকেই ছিলেন শিশু৷ এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হাসেম ফুড লিমিটেডের মালিক আবুল হাশেম ও তার চার ছেলেসহ আটজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে৷

ঘটনার দুই বছরেরও বেশি সময় পর তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক মোকছেদুর রহমান আদালতে অভিযোগপত্র দেন৷ অভিযোগপত্রে কোম্পানির মালিক ও তার চার ছেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি উল্লেখ করে তাদের অব্যাহতি দেওয়া হয়৷

১৩ পৃষ্ঠার ওই অভিযোগপত্রে কারখানার মূল নকশা না মানা, শর্ত ভঙ্গ করে অন্য পণ্য উৎপাদন, অনুমতি ছাড়া কারখানা সম্প্রসারণ, অগ্নিনির্বাপণে পর্যাপ্ত ব্যবস্থা না রাখাসহ নানা ধরনের অনিয়ম পাওয়ার কথা উল্লেখ করেছে সিআইডি।

অভিযোগপত্রে কারখানার চার কর্মকর্তা এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের দুই পরিদর্শককে আসামি করা হয়েছে।

আরও পড়ুন:

পুরনো খবর:

হাসেম ফুডে আগুন: ফের তল্লাশিতে মাথার খুলি, হাড় উদ্ধার
হাসেম ফুডসে অগ্নিকাণ্ড: ২১ জনের লাশ নিল পরিবার
হাসেম ফুডসে অগ্নিকাণ্ড: ‘আইএলও কনভেনশন’ অনুযায়ী ক্ষতিপূরণ দাবি
অবহেলায় আরও একটি নরককুণ্ড, অর্ধশত লাশ 
হাসেম ফুডসে অগ্নিকাণ্ড: শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ চেয়ে হাই কোর্টে রিট