২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাসের সাক্ষী ফুলগাজীর যুদ্ধবিধ্বস্ত কাঠের দোতলা বাড়ি

ব্রিটিশ আমলে তৈরি বাড়িটির বয়স ২০০ বছরের বেশি বলে দাবি করেন বর্তমান উত্তরাধিকারী।

ইতিহাসের সাক্ষী ফুলগাজীর যুদ্ধবিধ্বস্ত কাঠের দোতলা বাড়ি

অপূর্ব কারুকাজের প্রাচীন বাড়িটির আনাচে-কানাচে এখনও লেগে আছে নান্দনিকতার ছোঁয়া।

নাজমুল হক শামীম, ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2022, 10:55 PM

Updated : 11 Dec 2022, 10:55 PM

ফেনীর ফুলগাজীতে মুক্তিযুদ্ধের ৫২ বছরেও ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছে ব্রিটিশ শাসন আমলে তৈরি একটি কাঠের দোতলা বাড়ি।

মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা অপূর্ব কারুকাজের প্রাচীন বাড়িটির আনাচে-কানাচে এখনও লেগে আছে নান্দনিকতার ছোঁয়া। 

উপজেলার আমজাদহাট ইউনিয়নে প্রায় ২০০ বছরের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা বাড়ির বর্তমান উত্তরাধিকারী অপু রঞ্জন চৌধুরী।

কথা হয় তার সঙ্গে।

ব্রিটিশ আমলে তৈরি বাড়িটির বয়স ২০০ বছরেরও বেশি দাবি করে তিনি বলেন, “আমার বাবা-চাচারা ছয় ভাই ছিলেন। একজন দেশে থাকলেও অপর পাঁচ ভাই মিয়ানমারে কাঠের ব্যবসা করতেন। সেখান থেকেই নদীপথে কাঠ ও মালামাল এনে আমার বাবা এই বাড়িটি নির্মাণ করেন।”

তিনি বলেন, “একাত্তরে তৎকালীন আমজাদহাট ইউনিয়নের মধ্যে এ বাড়িতে মুক্তিযোদ্ধারা অবস্থান নেন। সে কারণে পাক হানাদার ও রাজাকাররা বাড়িটিকে টার্গেট করে হামলা চালায়।

Image

অপূর্ব কারুকাজের প্রাচীন বাড়িটির আনাচে-কানাচে এখনও লেগে আছে নান্দনিকতার ছোঁয়া।

“তবে হামলার আগেই টের পেয়ে মুক্তিযোদ্ধারা অন্যত্র সরে যায়।

ফলে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও আক্রান্ত হয় বাড়িটি।”

অপু রঞ্জন আরও বলেন, “এত বছর পেরিয়ে গেলেও বাড়িটির কোনো সংস্কার করা হয়নি। মুক্তিযুদ্ধে স্মৃতিবিজড়িত দুই শতাধিক বছরের পুরনো বাড়িটি দেখতে দেশের বিভিন্ন জায়গা থেকে দর্শণার্থীরা ছুটে আসেন।”

বাড়িটি দেখতে আসা আবদুস সালাম বলেন, “বাড়িটি আমাদের ইতিহাস ও ঐতিহ্যের অংশ। স্থানীয় প্রশাসনের উচিৎ এটিকে সংরক্ষণ করা। যা পরবর্তী প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের নিদর্শন হয়ে থাকবে।” 

বাড়িটি ফেনী জেলার প্রাচীন স্থাপত্যগুলোর তালিকায় তোলার দাবি জানান স্থানীয় খেজুরিয়া মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জসিম উদ্দিন।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব বলেন, “দোতলা এ বাড়ির সঙ্গে মুক্তিযুদ্ধের স্মৃতি জড়িয়ে আছে। বাড়িটিকে সংস্কার ও রক্ষণাবেক্ষণ করতে পারলে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধে ইতিহাস সম্পর্কে জানতে পারবে। আশা করছি, মুক্তিযুদ্ধ জাদুঘর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে পদক্ষেপ নেবে।”