২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৩

দুদুর পালিত মুরগী তার বড় ভাইয়ের লাগানো সবজির গাছ নষ্ট করলে দুই পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে রূপ নেয়।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2023, 04:24 PM

Updated : 22 Aug 2023, 04:24 PM

কক্সবাজারের চকরিয়া উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাহারিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ জানান।

নিহত ৫৫ বছর বয়সি গিয়াস উদ্দিন দুদু একই এলাকার নাজিম উদ্দিনের ছেলে। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

নিহতের স্বজনদের বরাতে ওসি মাহমুদ বলেন, “সকালে দুদুর পালিত মুরগী তার বড় ভাই সাহাব উদ্দিনের বাড়ির আঙ্গিনায় লাগানো কিছু শাক-সবজির গাছ নষ্ট করে। এ নিয়ে দুই ভাইয়ের পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হয়।

“এক পর্যায়ে দুই পরিবারের সদস্যরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুদুসহ উভয়পক্ষের কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুদুকে মৃত ঘোষণা করেন।”

খবর পেয়ে পুলিশ দুদুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি মাহমুদ আরও বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা একাধিক চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে।