এক বাইকে ৩ জন, গাছে ধাক্কা খেয়ে ছাত্রলীগ নেতা নিহত
তন্ময় ২৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিল।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ছাত্রলীগ নেতার প্রাণ গেছে।
উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের তারাইল-টুঙ্গিপাড়া সড়কে শনিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনায় বিএম তন্ময় নিহত হন।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে টুঙ্গিপাড়া পৌর ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় বলে টুঙ্গিপাড়া থানার ওসি (তদন্ত) আহম্মেদ আলী বিশ্বাস জানান।
নিহত ২০ বছর বয়সী তন্ময় পাটগাতি ইউনিয়নের গিমাডাঙ্গা গ্রামের ফায়েক বিশ্বাসের ছেলে এবং টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
নিহতের ফুফাত ভাই তরিকুল ইসলাম বলেন, “তন্ময় ২৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিল। সেখান থেকে ফিরে শনিবার ডুমুরিয়া ইউনিয়নের নৈশকালীন ক্রিকেট খেলায় অংশ নেয়।
“খেলা শেষে একটি মোটরসাইকেলে তন্ময়সহ তিনজন বাড়ির দিকে রওনা দেয়। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা খেলে পেছনে বসে থাকা তন্ময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।”
এ ঘটনায় তন্ময়ের সঙ্গে থাকা মোটরসাইলের আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছে বলে জানান তরিকুল।
তিনি বলেন, দুর্ঘটনার পর আহতদের চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তন্ময়কে মৃত ঘোষণা করেন এবং বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে জানান ওসি।
