সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত
মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সঙ্গে এক বৈঠকের পর ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেন মালিক-শ্রমিক নেতারা।
সিলেট জেলাজুড়ে বুধবার সকাল ৬টা থেকে ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করেছে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
মঙ্গলবার রাত ১০টার দিকে সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ ধর্মঘট স্থগিতের কথা জানান।
তিনি বলেন, “জেলা প্রশাসক মো. মজিবর রহমানের আহ্বানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈঠকে বসেন পরিবহন শ্রমিক নেতারা। এ সময় জেলা প্রশাসক তাদের দুটি দাবি বিবেচনা করে দেখার আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করেন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।”
এর আগে বিকালে বৈঠক করে সিলেট-তামাবিল সড়কে নির্বিঘ্নে বাস চলাচল করতে দেওয়া এবং জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদকে গ্রেপ্তারের দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।
পরিবহন মালিক ও শ্রমিকরা দাবি করেন, গত শুক্রবার রাতে সিলেট-তামাবিল সড়কের দরবস্তে এক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ৪০টি বাস আটকে রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ।
এ কর্মকাণ্ডের প্রতিবাদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যানকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে সোমবার সকাল থেকে সিলেট-তামাবিল সড়কে পরিবহন ধর্মঘটের ডাক দেয় সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।
সিলেট-তামাবিল সড়কে সব ধরনের যানচলাচল বন্ধ থাকায় এর নেতিবাচক প্রভাব পড়ছে তামাবিল স্থলবন্দরের ওপর। ওই সড়কের যাত্রীদেরও ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে।
বিকালে বৈঠক শেষে জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বলেছিলেন, “দুই দাবিতে গত দুদিন ধরে সিলেট-তামাবিল সড়কে আমাদের কর্মবিরতি চলছে। কিন্তু দাবি পূরণ না হওয়ায় বুধবার ভোর থেকে পুরো সিলেট জেলায় পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করা হয়েছে।
এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই মালিক-শ্রমিকদের পক্ষ থেকে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হল। এর ফলে এখন সিলেট-তামাবিল সড়কে সব ধরনের যানচলাচলে আর কোনো বাধা থাকল না।
আরো পড়ুন:
