১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সোমবার থেকে সিলেট-তামাবিল সড়কে পরিবহন ধর্মঘটের ডাক

পরিবহন শ্রমিকেরা নিহত বা আহতদের পরিবারগুলোর কোনো খোঁজখবর নেননি জানিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে।

সোমবার থেকে সিলেট-তামাবিল সড়কে পরিবহন ধর্মঘটের ডাক

রোববার বিকালে সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের এক সভা থেকে ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2023, 11:10 PM

Updated : 09 Jul 2023, 11:10 PM

সিলেট-তামাবিল সড়কে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যানচলাচল বন্ধের ডাক দিয়েছেন পরিবহন শ্রমিকেরা; সোমবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হবে।

রোববার বিকালে এক বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম।

তিনি বলেন, “গত শুক্রবার রাতে সিলেট-তামাবিল সড়কের দরবস্তে এক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের ৪০টি বাস আটকে রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ।

“এ কর্মকাণ্ডের প্রতিবাদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যানকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে আমরা এ কর্মবিরতির ডাক দিয়েছি। আমাদের সঙ্গে একাত্মতা জানিয়েছে সিলেটের সব পরিবহন শ্রমিক সংগঠন। সম্মিলিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আন্দোলন চলবে।”

সিলেট-তামাবিল রুটে সব ধরনের যানচলাচল বন্ধ থাকলে তার নেতিবাচক প্রভাব পড়বে তামাবিল স্থলবন্দরের ওপর।

এ বিষয়ে জানতে চাইলে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাস ও ইজিবাইকের সংষর্ষে পাঁচজন নিহত ও তিনজন আহতের ঘটনায় যতক্ষণ পর্যন্ত বাস চালকদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ না করা হবে, সংশ্লিষ্ট পরিবারগুলোর খোঁজখবর নিতে তাদের সঙ্গে কথা না বলা হবে ততদিন এই রুটে সিলেট থেকে ছেড়ে আসা কোনো বাস চলাচল করতে পারবে না।”

তবে অন্য বাস বা যানচলাচলে কোনো সমস্যা হবে না বলেও জানান এই আওয়ামী লীগ নেতা।

পরিবহন শ্রমিকেরা নিহত বা আহতদের পরিবারগুলোর কোনো খোঁজখবরও নেননি জানিয়ে তিনি বলেন, এ কারণে স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে।

পাঁচজনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে দরবস্ত বাজার মসজিদে সিলেটের বৃহত্তর জৈন্তাপুর ১৭ পরগণার সালিশ সমন্বয় কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে শুক্রবার রাত ১০টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বাস ও ইজিবাইকের সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

আরো পড়ুন:

পুরানো খবর:

সড়কে ইজিবাইক: বাসের সঙ্গে সংঘর্ষে ২ জেলায় ঝরল ১২ প্রাণ