১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বকেয়া গৃহকর দিয়ে বৈধ হলেন এমপি ওমর ফারুক চৌধুরী

রাজশাহীতে যে ২২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা আপিল করতে পারবেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2023, 06:26 PM

Updated : 04 Dec 2023, 06:28 PM

রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরী বকেয়া গৃহকর পরিশোধ করার পর তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।  

সিটি করপোরেশনের গৃহকর বাকি থাকায় রোববার রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর মনোনয়নপত্রের ব্যাপারে সিদ্ধান্ত জানাননি রিটার্নিং কর্মকর্তা। জানিয়েছিলেন, সোমবার এ ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হবে। 

সোমবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ সাংবাদিকদের বলেন, ওমর ফারুক চৌধুরী বকেয়া গৃহকর পরিশোধ করেছেন বলে জানিয়েছেন। পরে সিটি করপোরেশনের কর্মকর্তাদের সামনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়ার পর তার মনোনয়নপত্র চূড়ান্ত করা হয়েছে। 

গোদাগাড়ী ও তানোর উপজেলা নিয়ে গঠিত এই আসনে অন্য বৈধ প্রার্থীরা হলেন- বিএনএফের আল-সাআদ, তৃণমূল বিএনপির জামাল খান দুদু, এনপিপির নুরুন্নেসা, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের বশির আহমেদ, জাতীয় পার্টির শামসুদ্দীন মণ্ডল ও বিএনএমের শামসুজ্জোহা বাবু। 

এদিন ছয়টি আসনে ৩৮ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। 

শামীম আহমেদ জানান, রোববার যাচাই-বাছাই শেষে ৩৬টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। একই সঙ্গে ১৭টি বাতিল ও সাতটি পেন্ডিং রাখা হয়েছিল। পেন্ডিং রাখা সাতজনের মধ্যে দুইজন তাদের বৈধ কাগজপত্র জমা দিয়েছেন। ফলে চূড়ান্তভাবে ৩৮টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। 

এর মধ্যে রাজশাহী-১ আসনে সাতটি, রাজশাহী-২ আসনে সাতটি, রাজশাহী-৩ আসনে সাতটি, রাজশাহী-৪ আসনে চারটি, রাজশাহী-৫ আসনে ছয়টি ও রাজশাহী-৬ আসনে সাতটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। 

তবে যে ২২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা আপিল করতে পারবেন। তাদের ৫ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে আপিল করতে হবে।

আরো পড়ুন:

পুরানো খবর:

এমপি ওমর ফারুক চৌধুরীকে এবার শোকজ নোটিস

পুরানো খবর:

গৃহকর বকেয়া: ওমর ফারুক চৌধুরীর ব্যাপারে সিদ্ধান্ত সোমবার

রাজশাহী-২ (সদর) আসনের বৈধ প্রার্থীরা হলেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগের মহানগরের সভাপতি মোহাম্মদ আলী কামাল, মহানগর জাসদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী, জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন, বিএনএমের প্রার্থী কামরুল হাসান, মুক্তিজোট প্রার্থী ইয়াসির আলিফ বিন হাবিব ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মারুফ শাহরিয়ার। 

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আসাদুজ্জামান আসাদ, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আয়েন উদ্দিন, বিএনএমের দলের ভাইস চেয়ারম্যান এ কে এম মতিউর রহমান মন্টু, জাতীয় পার্টির সোলাইমান হোসেন ও আব্দুস সালাম খান, বিএনএফের বজলুর রহমান ও এনপিপির সইবুর রহমান। 

রাজশাহী-৪ (বাগমারা) আসনের বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য এনামুল হক, জাতীয় পার্টির আবু তালেব প্রামানিক ও বিএনএমের প্রার্থী সাইফুল ইসলাম রায়হান। 

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা, স্বতন্ত্র প্রার্থী ডা. মনসুর রহমান, জাতীয় পার্টির অধ্যাপক আবুল হোসেন, গণফ্রোন্টের মোখলেসুর রহমান, জাকের পার্টির শরিফুল ইসলাম ও বিএনএমের শরিফুল ইসলাম। 

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের প্রার্থী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, স্বতন্ত্র প্রার্তী সাবেক সংসদ সদস্য রায়হানুল হক রায়হান, বিএনএমের আব্দুস সামাদ, জাতীয় পার্টির শামসুদ্দিন রিন্টু, জাকের পার্টির রিপন আলী, এনপিপির মোহসীন আলী, জাসদের জুলফিকার মান্নান জামি। 

এ জেলায় মোট ভোটার ২১ লাখ ৭৭ হাজার ৭৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৮৪ হাজার ৭৩০ জন। আর নারী ভোটার ১০ লাখ ৯২ হাজার ৯৬৬ জন। এই জেলায় পুরুষের চেয়ে ৮ হাজার ২৩৬ জন নারী ভোটার বেশি।