বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবে: হানিফ
তিনি বলেছেন, “বিএনপি তার অতীতের স্বভাব-চরিত্র থেকে বেরিয়ে আসতে পারেনি।”
অতীতের মত আগামীতেও বিএনপির সব ‘নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড’ কঠোর হাতে দমন করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
তিনি বলেছেন, “সবার ধারণা ছিল, বিএনপি তার অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসবে। কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনি; বিএনপি তার স্বভাব-চরিত্র থেকে বেরিয়ে আসতে পারেনি।”
রোববার বেলা ১১টায় কুষ্টিয়া শহরের পিটিআই সড়কে নিজ বাসভবনে সাংবাদিকদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
আওয়ামী লীগের এ যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, “গতকালও তারা (বিএনপি) অতীতের মত অবরোধের নামে সাধারণ মানুষের চলাচলে বাধাগ্রস্ত করে পুলিশের ওপর হামলা ও গাড়িতে অগ্নিসংযোগ করেছে।”
বিএনপি নেতা আমান উল্লাহ আমান ও গয়েশ্বর চন্দ্র রায়ের প্রতি ‘প্রধানমন্ত্রীর সম্প্রীতি’দেখানোর বিষয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, “বিএনপি নেতাদের মধ্যে সভ্যতা ও শিষ্টাচার নেই। শিষ্টাচার বর্জিত একটি দলের নেতাকর্মীরা যেভাবে গড়ে উঠছে, তাদের কাছে যে কোনো শিষ্টাচারকেই নাটক বলে মনে হবে।”
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউসহ বিভিন্ন গণমাধ্যম-কর্মীরা অনুষ্ঠানে বক্তব্য দেন।
এ সময় ১৮ জন গণমাধ্যম-কর্মীর মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট তহবিলের মোট ১১ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
