টঙ্গীতে ‘স্ত্রীকে হত্যার’ ৬ বছর পর স্বামী গ্রেপ্তার
আসামিকে গ্রেপ্তারের মধ্য দিয়ে গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটিত হয়েছে বলে দাবি জেলা পিবিআইয়ের।
গাজীপুরের টঙ্গী এলাকায় ‘স্ত্রীকে হত্যার’ ছয় বছর পর স্বামীকে গ্রেপ্তার করেছে জেলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গত রোববার ভোরে জয়দেবপুরের লুটিয়ারচালা গুচ্ছগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় সোমাবার দুপুরে গাজীপুর পিবিআই’র এসপি মোহাম্মদ মাকছুদের রহমান জানান।
গ্রেপ্তার শফিকুল ইসলাম স্বপন (৩২) মাদারীপুরের কালকিনি উপজেলার কমলাপুর গ্রামের প্রয়াত সিরাজ উদ্দিনের ছেলে।
আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে এসপি মাকছুদের রহমান জানান।
মামলার তদন্ত কর্মকর্তা ও গাজীপুর পিবিআই’র এসআই জামাল উদ্দিন জানান, ছয় বছর আগে টঙ্গী থানার উত্তর দত্তপাড়া টেকবাড়ী প্রয়াত আব্দুল রশিদের তালাবদ্ধ পরিত্যক্ত ঘর থেকে ২২ বছর বয়সী এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
পরে নিহতের খালা বাদী হয়ে টঙ্গী থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তার স্বপনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে এসপি জানান, গাজীপুরের ভিআইপি পরিবহনে বাসচালকের সহকারী হিসেবে কাজ করতেন স্বপন। ৬ বছর আগে প্রেম করে বিয়ে করেন তিনি। এর এরপর থেকে স্ত্রীকে নিয়ে টঙ্গীর এরশাদনগর এলাকায় মায়ের ভাড়া বাসাতে বসবাস করতে।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপন জানান, তার স্ত্রী মাদকসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। সে জন্য মা তাদেরকে বাড়ি থেকে বের করে দেন। এরপর থেকে তারা টঙ্গীর দত্তপাড়া (টেকবাড়ী) এলাকার প্রয়াত আব্দুল রশিদের বাসা ভাড়া নিয়ে বসবাস করেছিলেন।”
২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর তাদের মধ্যে আবার কলহ হয়। ওইদিন গগীভরাত গভীর রাতে শফিকুল ইসলাম স্বপন তার স্ত্রীকে ঘুমের মধ্যে গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন। পরে ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ করে তিনি পালিয়ে যান।
গাজীপুর পিবিআই’র এসপি মোহাম্মদ মাকছুদের রহমান জানান, টঙ্গী থানা পুলিশ মামলাটি তদন্ত করে রহস্য উদঘাটন করতে ব্যর্থ হয়। পরে আদালত মামলাটির অধিকতর তদন্তের জন্য স্বপ্রণোদিত হয়ে পিবিআইকে নির্দেশ দেয়। পিবিআই তদন্ত করে তথ্য ও প্রযুক্তির সহায়তায় শফিকুল ইসলাম স্বপনকে গ্রেপ্তার করে।
এর মধ্য দিয়ে ওই গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটিত হয়েছে বলে দাবি এসপি মোহাম্মদ মাকছুদের রহমানের।
