নওগাঁয় ট্রাক চাপায় আওয়ামী লীগ নেতা নিহত
বাড়ি ফেরার পথে তাদের মোটরসাইকেলটিকে একটি ট্রাক ধাক্কা দেয়।
নওগাঁয় জেলা সেচ্ছাসেবক লীগের সম্মেলন থেকে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় সদর উপজেলার উত্তর পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে নওগাঁ সদর থানার ওসি ফয়সাল বিন আহসান জানান।
নিহত জহুরুল ইসলাম স্বাধীন (৬০)জেলার বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
ওসি ফয়সাল জানান, জেলা সেচ্ছাসেবক লীগের সম্মেলন শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন জহুরুল ইসলাম এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌফিক মান্নান পলাশ।পথে উত্তর পাইকপাড়া এলাকায় তাদের মোটরসাইকেলটিকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে জহুরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। পলাশ সামান্য আহত হন।
“স্থানীয়রা ট্রাকটি আটক করেছেন। মরদেহ স্বজনরা নিয়ে গেছেন”, বলেন ওসি।
