হত্যার ১৬ বছর পর রায়ে আসামির যাবজ্জীবন সাজা
আসামিকে একইসাথে ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় হত্যার ১৬ বছর পর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরা আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান ওই আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।
সাজাপ্রাপ্ত আসামি মো. জালাল (৪১) নরিংসদীর নোয়াকান্দির বাসিন্দা।
তাকে একইসাথে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গ্রেপ্তারের পর জামিন পেয়ে কারাগার থেকে বের হয়ে ফেরারি হন জালাল।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ৬ অক্টোবর আড়াইহাজারের ঝাউগাড়া এলাকার রিজিয়া খাতুন নামে ৫৫ বছর বয়সি এক নারী খুন হন। এ ঘটনায় তার ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে আড়াইহাজার থানায় মামলা করেন। তদন্তে এই হত্যাকাণ্ডের সঙ্গে নিহতের মেয়ের দেবর জালালের সম্পৃক্ততা পায় পুলিশ। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করলে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন বলে মামলার নথিসূত্রে জানা যায়।
এই মামলার তদন্ত শেষে জালালকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এই হত্যাকাণ্ডের দীর্ঘ ১৬ বছর পর আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
সাজাপ্রাপ্ত আসামি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান।
