২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ‘জমির বিরোধে’ যুবককে কুপিয়ে হত্যা

“মিজানুর রহমান ও এলাকার জহুরুল ইসলামের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল।”

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2023, 06:32 PM

Updated : 06 Aug 2023, 06:32 PM

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ‘জমি নিয়ে বিরোধের জেরে’ এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

শনিবার রাতে উপজেলার চরকিং ইউনিয়নের ব্রিজবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে হাতিয়া থানার ওসি আমির হোসেন জানান।

নিহত মিজানুর রহমান (৩৩) চরকিং ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের প্রয়াত মোস্তাফিজুর রহমানের ছেলে।

আটক মো. ইব্রাহীম (২১) একই এলাকার আব্দুর রহিমের ছেলে।

ওসি সাংবাদিকদের বলেন, “মিজানুর রহমান ও এলাকার জহুরুল ইসলামের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। শনিবার রাতে মিজান বাড়ি ফেরার সময় ৭-৮ জন তাকে কুপিয়ে জখম করে।

“মিজানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে লোকজন তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা হবে বলে জানান ওসি।