যুবদল নেতা গ্রেপ্তারের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল
আটটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নাছির দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদককে গ্রেপ্তারের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছে যুবদল ও ছাত্রদলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।
ফেনী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুদীপ কুমার দাস জানান, বুধবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টন এলাকার জামান টাওয়ার থেকে ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খোন্দকারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
ওসি আরও জানান, আটটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নাছির দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তিনি ঢাকার পল্টন এলাকায় অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীতে দায়িত্বরত পুলিশের সহায়তায় ফেনী জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ওসি সুদীপ কুমার দাস আরও বলেন, রাতেই তাকে ফেনীতে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
এদিকে যুবদল নেতা নাছির গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বুধবার রাতে ফেনী শহরে বিক্ষোভ মিছিল করেছে যুবদল ও ছাত্রদলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।
রাতে শহরের ট্রাংক রোডস্থ প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহীদ শহীদুল্লা কায়সার সড়ক হয়ে ইসলামপুর রোডস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে গিয়ে শেষ করে।
বিক্ষোভ মিছিলে ফেনী জেলা যুবদলের সহ সভাপতি গিয়াস খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এসএম কাউসার এলিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রাসেল পাটোয়ারী, সিনিয়র সদস্য আতিকুর রহমান মামুন, ফেনী সদর উপজেলা যুবদলের আহবায়ক নিজাম মাস্টার, পৌর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলু, সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ উপস্থিত ছিলেন।
