নীলফামারীতে ৪০ দিনে ১৮ ডেঙ্গু রোগী শনাক্ত
রোগীদের মধ্যে ১৭ জন ঢাকা থেকে এসেছেন; একজন নীলফামারীতে আক্রান্ত হয়েছেন বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
নীলফামারীতে গত ৪০ দিনে ১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
বৃহস্পতিবার নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আবু-আল হাজ্জাজ জানান, গত ১১ জুন থেকে এ পর্যন্ত হাসপাতালে এসব রোগী ভর্তি হয়েছেন।
তিনি বলেন, “এদের মধ্যে ১৭ জনের ট্রাভেল হিস্ট্রি আছে।তারা ঢাকা থেকে এসেছেন। কেবল একজন নীলফামারীর জলঢাকা উপজেলায় আক্রান্ত হয়েছেন। তার কোনো ট্রাভেল হিস্ট্রি পাওয়া যায়নি।”
এই ১৮ জনের মধ্যে বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পাঁচজন। বাকিরা সুস্থ্ হয়ে বাড়ি ফিরে গেছেন বলেও জানান তিনি।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কর্মসূচি
ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান কর্মসূচি শুরু করেছে নীলফামারী পৌরসভা।
বৃহস্পতিবার এ কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ।
নীলফামারী পৌরসভার প্যানেল মেয়র ইয়াসিন আলী ও আফরোজা সুলতানার নেতৃত্বে পৌরসভা চত্বর থেকে সচেতনতামূলক একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা চলাকালে শহরের বিভিন্ন জনবহুল এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এরপর পৌর শহরের পাড়া মহল্লায় থাকা ড্রেন-ডাস্টবিনে মশানিধনকারী ওষুধ ছিটানো হয়।
এ সময় কর্মসূচিতে অংশ নেন কাউন্সিলর রতনা রানী রায়, স্যানিটারী ইন্সপেক্টর মরতুজ আলী, ফরিদ আহমেদসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা।
