২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়ে হবে তাই খুশি ছিলেন জাহিদ, দেখে যাওয়া হল না

দুই ছেলের বাবা লেগুনা চালক জাহিদ হাসানের স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা।

মেয়ে হবে তাই খুশি ছিলেন জাহিদ, দেখে যাওয়া হল না

মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় জাহিদ হাসানের বাড়িতে তার স্বজনদের আহাজারি।

মাহিদুল ইসলাম মাহি

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2023, 02:12 PM

Updated : 11 Oct 2023, 02:59 PM

মানিকগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রীর গর্ভের সন্তানটি মেয়ে- এমন খবরে অনেক খুশি হয়েছিলেন দুই ছেলের বাবা মো. জাহিদ হাসান। কিন্তু বাসের ধাক্কায় লেগুনা খাদে পড়ে সেই মেয়েকে আর দেখে যেতে পারলেন না তিনি।

লেগুনা চালক জাহিদের (৩৩) বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায়। বুধবার সকালে তার বাড়িতে গিয়ে দেখা যায়, দুই ছেলে আনাম ও আব্দুল্লাহকে নিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তার সন্তানসম্ভবা স্ত্রী সাবিনা। স্বজন-প্রতিবেশীদের কোনো সান্ত্বনাতেই তাকে প্রবোধ দেওয়া যাচ্ছে না।

জাহিদের ফুপু বলেন, “ওর স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা। দুই ছেলের পর মেয়ে হবে জেনে জাহিদ খুব খুশি হয়েছিল। কিন্তু সেই মেয়েকে দেখে যেতে পারল না। তার পরিবারের এখন কি হবে?”

জাহিদের বাবা মোতালেব বলেন, “আমার দুই নাতির কি হবে!! মেয়ে সন্তান হবে, সে সন্তান জন্মের পর বাবাকে পাবে না।”

Image

দুই ছেলে আনাম ও আব্দুল্লাহকে নিয়ে কান্নায় ভেঙে পড়েছেন জাহিদের সন্তানসম্ভবা স্ত্রী সাবিনা।

জাহিদের প্রতিবেশী লুৎফর রহমান জানান, বুধবার সকালে তিনি হাঁটতে বেরিয়েছিলেন। পথে দেখতে পান মহাসড়কের পাশে লেগুনা থামিয়ে যাত্রী নামাচ্ছিলেন জাহিদ। তখনই পেছন থেকে আকিজ টেক্সটাইলের একটি বাস লেগুনাটিকে ধাক্কা দেয়।

বাসের ধাক্কায় জাহিদসহ ছয় আরোহী নিয়ে লেগুনাটি পানি ও কচুরিপানা ভর্তি খাদে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস আর স্থানীয়রা লেগুনাটি তুললে দেখা যায়, জাহিদ আর বেঁচে নেই।

গোলড়া হাইওয়ে থানার ওসি সুখেন্দু বিশ্বাস জানান, বুধবার সকাল ৮টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জাহিদসহ চার জন।

অন্যরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার কুড়িপাড়া পাথরাইল গ্রামের মৃত পরেশ চন্দ্রের ছেলে মহাদেব চন্দ্র (৫০), বাগজান গ্রামের আব্দুস সালামের স্ত্রী হেনা আক্তার (৫০), একই গ্রামের মনসুর আলীর স্ত্রী মালেকা বেগম।

এ দুর্ঘটনায় নিহত চারজনের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতিশ্বর পাল।