২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

“ওই কিশোরী বাদী ২০০৫ সালে মানিক মিয়াকে প্রধান আসামি করে মামলা করেন।”

কিশোরগঞ্জে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে ১৮ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2023, 09:34 PM

Updated : 06 Mar 2023, 09:34 PM

কিশোরগঞ্জে এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে ১৮ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর দক্ষিণ খান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা।

গ্রেপ্তার মানিক মিয়া (৫২) সদর উপজেলার খিলপাড়া এলাকার বাসিন্দা।

তিনি বলেন, ২০০৫ সালের ২৮ ফেব্রুয়ারি রাতে মানিক মিয়া তার সহযোগীকে নিয়ে এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণ করে।

“ঘটনার পর একই বছরের ১৬ এপ্রিল ওই কিশোরী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মানিক মিয়াকে প্রধান আসামি করে মামলা করেন। ঘটনার পর থেকে আসামি মানিক মিয়া পলাতক।”

২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক কিরণ শংকর হালদার আসামি মানিক মিয়ার অনুপস্থিতে মামলার রায় দেন।

মামলায় আদালত যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয় বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।