‘ঘন কুয়াশায়’ বাস-মাইক্রোবাস মুখোমুখি, প্রাণ গেল দুজনের
পাবনার ঈশ্বরদী উপজেলার মিরকামারি কোলেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাবনার ঈশ্বরদী উপজেলায় ‘ঘন কুয়াশার’ মধ্যে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-নাটোর মহাসড়কে উপজেলার মিরকামারি কোলেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পাকশী হাইওয়ে থানার ওসি আশীষ কুমার স্যানাল জানান।
নিহতরা হলেন- উপজেলার শেখের পাড়া এলাকার আব্দুর রউফের ছেলে নাসিম খান (৪৫) এবং পাবনার রাধানগর এলাকার সুব্রত কুমার কুণ্ডুর ছেলে অমিত কুণ্ডু (৪০)।
পুলিশ জানায়, আহতদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আশীষ কুমার স্যানাল বলেন, এসএন পরিবহনের বাসটি কুষ্টিয়ার দিক থেকে আসছিল। আর মাইক্রাবাসটি তার বিপরীত দিক থেকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে দুটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন বলে জানান ওসি।
