কুষ্টিয়ায় ১৩ বছর আগে কিশোর হত্যায় এক আসামির যাবজ্জীবন
২০১২ সালের ৩১ জানুয়ারি তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
কুষ্টিয়ার কিশোর হত্যা মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম লালন জানান।
দণ্ডিত জাফর ওরফে কালু কুমারখালী উপজেলার বেরকালোয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।
যাবজ্জীবনের পাশাপাশি বিচারক তাকে দশ হাজার টাকা জরিমানাও দিয়েছেন; অনাদায়ে তাকে আরও ছয়মাসের সাজা ভোগ করতে হবে।
মামলার বিবরণে বলা হয়, একই উপজেলার মির্জাপুর গ্রামের তালেব আলীর ছেলে ১৩ বছর বয়সী মিজানুরের সঙ্গে কালুর কথা কাটাকাটি হয়। এর জেরে ২০১১ সালের ২৯ অগাস্ট দুপুরে দুই কিশোরের সহযোগীতায় কালু হাত-পা বেঁধে শ্বাসরোধ করে মিজানুরকে হত্যা করে।
পরে লাশ গুম করা উদ্দেশে লাশ দুর্গাপুর গ্রামের মোমিন খন্দকারের পুকুরে ফেলে দেয়। এর মধ্যে মিজানুরকে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় জানানো হলে ৩ সেপ্টেম্বর বিকালে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
পরে নিহতের পরিবার মিজানুরের পরনের পোশাক দেখে তার লাশ সনাক্ত করে এবং ওইদিনই তার বাবা বাদী হয়ে কুমারখালী থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে কুমারখালী থানার এসআই মো. জহিরুল হক ২০১২ সালের ৩১ জানুয়ারি তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল জানান, মামলার বাকি দুই আসামির বিচার ইতোমধ্যেই নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদলতে হয়েছে এবং তারা বর্তমানে কিশোর সংশোধনাগারে রয়েছে।
