মাগুরায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত, ১১ জন আহত
নিহত সজিব স্থানীয়ভাবে তৈরি শ্যালো ইঞ্জিনচালিত মিনিট্রাক বা ‘নাটা গাড়ি’র চালকের সহকারী ছিলেন।
মাগুরা সদর উপজেলায় বাস ও শ্যালো ইঞ্জিন চালিত ‘নাটা গাড়ি’র মুখোমুখি সংঘর্ষে এক তরুণ নিহত ও ১১ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে মাগুরা-যশোর সড়কের মঘির ঢাল এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে মাগুরা হাইওয়ে পুলিশের ওসি লিয়াকত আলী জানান।
নিহত সজিব শেখ (২০) শ্রীপুর উপজেলার মাঝাইল মান্দারতলা গ্রামের ওয়াজেদ আলী শেখের ছেলে। তিনি স্থানীয়ভাবে তৈরি শ্যালো ইঞ্জিনচালিত মিনিট্রাক বা নাটা গাড়িটির চালকের সহকারী ছিলেন।
ওসি লিয়াকত আলী জানান, সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহি বাস মাগুরা-যশোর সড়কের মঘির ঢাল এলাকায় পৌঁছালে বিপরীতমুখি ইট বোঝাই নাটাগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
“এ সময় ঘটনাস্থলেই নাটা গাড়ির হেলপার সজিব নিহত হয়। আহত হয় বাসযাত্রী ও নাটা গাড়ির শ্রমিকসহ ১১ জন।”
আহতদের মধ্যে ৯ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় নাটা গাড়ির চালক সাইফুল ইসলামসহ দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও নাটা গাড়িটি আটক করেছে। এ ঘটনায় সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
