নরসিংদীতে পারিবারিক কলহের জেরে গৃহবধূ খুনের অভিযোগ
ঘটনার পরই নিহতের স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেরা সবাই পালিয়ে যান।
নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে এক গৃহবুধূকে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার ভোরে উপজেলার মাহমুদপুর এলাকায় এই ঘটনা ঘটে বলে রায়পুরা থানার ওসি মোহাম্মদ আজিজুর রহমান জানিয়েছেন।
নিহত ৩০ বছরের লাভলী আক্তার রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের আমান উল্লাহর মেয়ে। তার স্বামী সুজন মিয়া (৩৫) একই উপজেলার মাহমুদপুর এলাকার মুজিবর রহমানের ছেলে।
এলাকাবাসীর বরাতে ওসি জানান, বিভিন্ন বিষয়ে লাভলী আক্তারের সঙ্গে প্রায়ই তার শ্বশুরবাড়ির লোকদের ঝগড়া হতো। শনিবার দিবাগত রাত ১টার দিকে কয়েক দফা ঝগড়া হয়ে তাদের। রোববার ভোরে আবারও ঝগড়ার শুনতে পান প্রতিবেশীরা।
পরে সকালে তাদের বাড়ির দরজা খোলা দেখতে পান স্থানীয়রা। এ সময় শোবার ঘরে গলা ও শরীরে ছুরির আঘাতপ্রাপ্ত অবস্থায় লাভলীর মরদেহ দেখতে পান তারা।
এর আগেই নিহতের স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেরা সবাই পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ওসি আজিজুর বলেন, “ধারণা করছি, পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। পলাতকরা আমাদের নজরদারীর মধ্যে রয়েছে। তদন্তপূর্বক দ্রুতই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
