২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্বই থাকবে না: ওবায়দুল কাদের

তিনি বলেন, “বিএনপির পতনযাত্রা শুরু হয়েছে। তারা আন্দোলনের খেলায় হেরে গেছে।

নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্বই থাকবে না: ওবায়দুল কাদের

ফাইল ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2023, 09:23 PM

Updated : 25 Feb 2023, 09:33 PM

নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্বই থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, “বিএনপির পতনযাত্রা শুরু হয়েছে। তারা আন্দোলনের খেলায় হেরে গেছে। আন্দোলনের খেলায় তারা আর পারবে না।”

শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভাঙ্গারহাট তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। 

এ সময় বিএনপিকে ‘সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা’ আখ্যায়িত করে তাদের প্রতিহত করার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিএনপির আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তারা আন্দোলন শুরু করেছে। কীসের আন্দোলন! আন্দোলন দেখেছেন? পথ হারিয়ে পথিক এখন দিশেহারা। এখন পদযাত্রায় নেমেছে। গণআন্দোলন থেকে পদযাত্রা; পতনযাত্রা শুরু হয়েছে বিএনপির।

“তারা শেখ হাসিনাকে সহ্য করতে পারে না। কারণ, পদ্মা সেতু দেখলে তাদের গায়ে জ্বালা ধরে। মেট্রো রেল, ঘরে ঘরে বিদ্যুৎ তাদের জ্বালা। বিএনপি অন্তর্জ্বালায় ভুগছে। অন্তর্জ্বালায় শেষ হয়ে যাচ্ছে।”

ওবায়দুল কাদের আরও বলেন, “খেলা হবে। আন্দোলনে হবে। নির্বাচনে হবে। মোকাবিলা হবে। নৌকা চলবে ভাসিয়া, ভোট দেবেন হাসিয়া।”

Image

কোটালীপাড়া উপজেলায় ভাঙ্গারহাট তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রধানমন্ত্রীর জনসভা।

সারাদেশে আওয়ামী লীগের কর্মসূচি চলমান থাকবে জানিয়ে তিনি বলেন, “পাল্টাপাল্টি নয়, নির্বাচন পর্যন্ত সারাদেশে আমাদের কর্মসূচি চলবে, আন্দোলন চলবে। আন্দোলন করতে জনগণ লাগে। বিএনপির সঙ্গে জনগণ নেই। কিন্তু অগ্নিসন্ত্রাসী আছে। পেট্রলবোমা, ককটেল আছে। অস্ত্র-লাঠি আছে। এ অপশক্তি ২০১৩, ১৪ ও ১৫ সালে অল্প শক্তি দিয়ে বড় বড় ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে।”

সেতুমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু দেশ দিয়েছেন আর শেখ হাসিনা মানুষকে মুক্তি দিচ্ছেন। সৃষ্টিকর্তা একজনকে সৃষ্টি করেছেন স্বাধীনতার জন্য, একজনকে মুক্তির জন্য। শেখ হাসিনা বাংলাদেশকে বদলে দিয়েছেন। তিনি কোটালীপাড়া-টুঙ্গিপাড়াকে শহর বানিয়ে দিয়েছেন।”

খালেদা জিয়াকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, “দুর্নীতির দণ্ডে আপনি দণ্ডিত। আপনার ছেলে বিদেশ থেকে রিমোর্ট-কন্ট্রোলে আন্দোলন করছে।”

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “সবাইকে সতর্ক থাকতে হবে। অশুভ শক্তি আবার যদি ক্ষমতা পায় তাহলে মুক্তিযোদ্ধাদের রাজাকার বানাবে, রাজাকারকে মুক্তিযোদ্ধা বানাবে। এ দেশে রাজাকারদের স্বাধীনতা পুরস্কার দেবে; একুশে পদক দেবে।”