বরিশালে ‘হাওলাদার-সরদার বংশের বিরোধে’ বৃদ্ধকে কুপিয়ে হত্যা
পুলিশ জানায়, মীরগঞ্জ ফেরিঘাট এলাকার আধিপত্য নিয়ে হাওলাদার ও সরদার বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে।
বরিশালের মুলাদী উপজেলায় দুই বংশের আধিপত্য বিস্তার নিয়ে পূর্বশত্রুতার জেরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের বাদামতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে মুলাদী থানার ওসি মাহবুবুর রহমান জানান।
নিহত আব্দুর রব হাওলাদার (৬০) চরকমিশনার গ্রামের মৃত ধলু হাওলাদারের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মাহবুবুর রহমান বলেন, মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে হাওলাদার ও সরদার বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। তাদের মধ্যে সংঘর্ষ ও একাধিক হত্যার ঘটনাও ঘটে।
নিহতের ছেলে মো. আব্বাস হাওলাদার বলেন, “সকালে বাবা অটোরিকশায় করে খাসের হাট বাজারে যাচ্ছিলেন। বাদামতলা এলাকায় কামাল সরদার, জামাল সরদার, মাহিদ সরদার, তোতা সরদার, আহসান সরদার, ইব্রাহিম সরদারসহ ৩০-৩৫ জন দা, রামদা, লোহার রড, টেটাসহ দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে।
“হামলাকারীরা বাবাকে অটোরিকশা থেকে নামিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়।”
তবে এ ব্যাপারে চেষ্টা করেও প্রতিপক্ষের কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ওসি মাহবুবুর বলেন, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আনা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি।
