ফেনী পৌর বিএনপির আহ্বায়ককে কুপিয়ে জখম
এ ঘটনায় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করেছেন বিএনপি নেতারা।
ছেলের বিয়ের দাওয়াত দিয়ে ফেরার পথে ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সদর হাসপাতাল সড়কের বিরিঞ্চি এলাকায় বুধবার রাতে এ হামলার ঘটনা ঘটে বলে ফেনী পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন জানিয়েছেন।
আহত ৬০ বছর বয়সী দেলোয়ার হোসেনকে ফেনী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তিনি ফেনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার।
ঘটনার বর্ণনায় ফেনী পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন বলেন, “দেলোয়ার তার ছেলের বিয়ে উপলক্ষে আত্মীয় ও বন্ধুদের দাওয়াত দিয়ে বাসায় ফিরছিলেন। সদর হাসপাতাল সড়কের সিএনজি ফিলিং পাম্পের কাছাকাছি পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা পথ আটকে তাকে এলোপাতাড়ি পেটানো শুরু করে।
“সন্ত্রাসীরা রামদা ও চাইনিজ কুড়াল দিয়ে তার মাথায় কুপিয়ে তাকে জখম করে এবং শরীরের বিভিন্ন জায়গায় কিল, ঘুষি ও লাথি মারে। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।”
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসিফ ইকবাল বলেন, দেলোয়ার হোসেনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার প্রতিক্রিয়ায় জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন বলেন, “বিএনপির নেতা-কর্মীদের তালিকা করে আওয়ামী লীগের দুর্বৃত্তরা হত্যার মিশনে নেমেছে। তারা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুর অব্যাহত রেখেছে।”
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, “ফেনী-২ আসনের সাবেক সাংসদ ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা জয়নাল আবেদীন ভিপির বাড়িতে ক্যাডার দিয়ে পাহারা বসিয়ে রেখেছে। বিজয় দিবস উপলক্ষে তিনি যেন বাড়িত না ঢুকতে পারেন যে জন্য সন্ত্রাসীরা অস্ত্রহাতে মহড়া দিচ্ছেন।”
এছাড়া বিভিন্ন সময় তার বাড়িতেও হামলা ভাঙচুর ও বোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ ফরিদের।
তবে অভিযোগ অস্বীকার করে ফেনী যুবলীগের সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিব বলেন, পৌর বিএনপির আহ্বায়কের উপর হামলার বিষয়ে তিনি কিছু জানেন না। এ ঘটনায় যুবলীগ জড়িত নয়।
ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, তিনি হামলার কথা শুনেছেন। তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন তারা।
