তুরাগ সেতুতে ট্রেন লাইনচ্যুত: সাড়ে ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক
ঘটনাটি সেতুর উপর হওয়ায় বগি উদ্ধারে কিছুটা ঝুঁকি ছিল বলে জানান টঙ্গী জংশনের স্টেশন মাস্টার।
টঙ্গীর তুরাগ সেতুতে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার সাড়ে ৫ ঘণ্টা পর বগি উদ্ধার হলে এ লাইনে চলাচল স্বাভাবিক হয়।
টঙ্গী রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রাকিবুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের একটি বগি ওই সেতুর উপর লাইনচ্যুত হয়।
এতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অন্য ট্রেনের সময়সূচিতেও বিঘ্ন ঘটে।
তবে উদ্ধারকারী দল গিয়ে লাইনচ্যুত বগি সরিয়ে নিলে সাড়ে ৫ ঘণ্টা পর এ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রাকিবুর রহমান আরও জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন তুরাগ নদীর উপর টঙ্গী রেল ব্রিজ পাড় হচ্ছিল। এ সময় ব্রিজের মাঝামাঝি পৌঁছলে পেছনের দিকের একটি বগির ছয়টি চাকা লাইনচ্যুত হয়। এতে ট্রেনটি ওই লাইনের উপর থামিয়ে দেওয়া হয়।
রাকিবুর রহমান জানান, বিকাল ৩টার দিকে শান্টিং খুলে সামনে থাকা আটটি বগিসহ ট্রেনের ইঞ্জিন টঙ্গী স্টেশনে নিয়ে যাওয়া হয়।
ঘটনাটি সেতুর উপর হওয়ায় বগি উদ্ধারে কিছুটা ঝুঁকি ছিল বলে রাকিবুর রহমান জানান।
টঙ্গী রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এসআই ছোটন শর্মা জানান, মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম থেকে জাতীয় প্যারেড গ্রাউন্ডে নৌবাহিনীর সাজোয়া যান, ট্যাংকার, রকেট লাঞ্চার, নৌকা, জাহাজসহ প্রদর্শনীর জন্য কিছু ডামি আনা হয়েছিল। সেগুলো ট্রেনযোগে ফিরিয়ে নেওয়ার পথেই টঙ্গীর তুরাগ নদীর রেল সেতুতে বগি লাইনচ্যুত হয়।
