টঙ্গীর তুরাগ সেতুতে মালবাহী ট্রেন লাইনচ্যুত, চলাচল বিঘ্নিত
এতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে। অন্য ট্রেনের সময়সূচিতে বিঘ্ন ঘটছে।
গাজীপুরের টঙ্গীতে তুরাগে রেল সেতুতে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে বলে টঙ্গী রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রাকিবুর রহমান জানান।
চট্টগ্রামগামী মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে। অন্য ট্রেনের সময়সূচিতে বিঘ্ন ঘটছে।
স্টেশন মাস্টার রাকিবুর রহমান জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন তুরাগ নদীর উপর টঙ্গী রেল ব্রিজ পার হচ্ছিল। এ সময় ব্রিজের মাঝামাঝি পৌঁছলে পেছনের দিকের একটি বগির ছয়টি চাকা লাইনচ্যুত হয়। এতে ট্রেনটি ওই লাইনের উপর থামিয়ে দেওয়া হয়।
রাকিবুর রহমান আরও জানান, বিকাল ৩টার দিকে শান্টিং খুলে সামনে থাকা আটটি বগিসহ ট্রেনের ইঞ্জিন টঙ্গী স্টেশনে নিয়ে যাওয়া হয়।
“সন্ধ্যা ৬টা পর্যন্ত লাইনচ্যুত বগি উদ্ধার করা সম্ভব হয়নি বলে ওই লাইনে কোনো ট্রেন চলাচল করতে পারছে না।”
ঘটনাটি সেতুর উপর হওয়ায় বগি উদ্ধারে কিছুটা ঝুঁকি আছে বলে রাকিবুর রহমান জানান।
টঙ্গী রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এসআই ছোটন শর্মা জানান, মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম থেকে জাতীয় প্যারেড গ্রাউন্ডে নৌবাহিনীর সাজোয়া যান, ট্যাংকার, রকেট লাঞ্চার, নৌকা, জাহাজসহ প্রদর্শনীর জন্য কিছু ডামি আনা হয়েছিল। সেগুলো ট্রেনযোগে ফিরিয়ে নেওয়ার পথেই টঙ্গীর তুরাগ নদীর রেল সেতুতে বগি লাইনচ্যুত হয়।
উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানান রেল পুলিশের এ কর্মকর্তা।
