২৪ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

রংপুরে দোলনচাঁপা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল ব্যাহত

“সন্ধ্যায় বদরগঞ্জ রেলস্টেশন এলাকায় আসলে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Oct 2026, 10:17 PM

Updated : 24 Oct 2026, 10:17 PM

রংপুরের বদরগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে দোলনচাঁপা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে পার্বতীপুর-রংপুর পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

রংপুর রেলওয়ে স্টেশনের সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, “সান্তাহার থেকে ছেড়ে আসা দোলনচাঁপা ট্রেনটি পঞ্চগড়ের দিকে যাচ্ছিল। শনিবার সন্ধ্যায় বদরগঞ্জ রেলস্টেশন এলাকায় আসলে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

বদরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার ইমরুল কায়েস বলেন, “লাইনের ওপর বাঁশ ও খড়ি রাখার কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। লালমনিরহাট থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসেছে। তারা উদ্ধারকাজ চালাচ্ছেন। উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। আপাতত বদরগঞ্জের ওপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।”

যাত্রীরা বলেন, ট্রেনটি বদরগঞ্জ স্টেশনের কাছে ১ নম্বর লাইনে পৌঁছালে লাইনচ্যুত হয়। তখন যাত্রীরা নেমে বিকল্প যানবাহনে গন্তব্যের উদ্দেশে রওনা হন। তবে দূরপাল্লার যাত্রীরা দুর্ভোগে পড়েন।

পার্বতীপুরগামী যাত্রী ওবায়দুল হক ও মাজেদ আলী বলেন, আউলিয়াগঞ্জ স্টেশন পার হওয়ার পর থেকেই ট্রেনটির অনেক শব্দ হচ্ছিল। বদরগঞ্জ স্টেশনে এসে চার নম্বর বগির মাঝামাঝি অংশের কয়েকটি চাকা লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পর কয়েকজন যাত্রী চালককে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি বেগতিক দেখে চালক রফিকুল ইসলাম ট্রেন থেকে নেমে যান।