লাকসামে ট্রেন লাইনচ্যুত: ফেনীর পথ বিভাগের উপসহকারী প্রকৌশলী বরখাস্ত
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে বিভাগ।
কুমিল্লার লাকসামে ঢাকামুখী কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুতের ঘটনায় রেলওয়ের পথ বিভাগের এক উপসহকারী প্রকৌশলীকে বরখাস্ত করা হয়েছে।
এ ছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা বলেছেন রেলওয়ের পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদ।
বুধবার সন্ধ্যায় লাকসামের নাওটি স্টেশনের কাছে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি।
বরখাস্ত হওয়া মো. গোলাম সরোয়ার রেলওয়ের (পূর্বাঞ্চল) ফেনী অঞ্চলের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী।
তদন্ত কমিটির প্রধান ফারহান মাহমুদ বলেন, আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর মধ্যে অন্য জড়িতদের প্রসঙ্গও স্বচ্ছভাবে উঠে আসবে।
এর আগে ট্রেনটির লোকোমাস্টার মোয়াজ্জেম হোসেন অভিযোগ করে বলেন, রেললাইনে মেরামতের কাজ চললেও তাকে সেটা বিষয়টি জানানো হয়নি।
রেললাইন মেরামত চলাকালে বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে লাকসামের নাওটি স্টেশনের আউটারে ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুতির ঘটনা ঘটে বলে জানিয়েছেন লাকসাম রেলওয়ে থানার ওসি রাজিব চন্দ্র কর।
দুর্ঘটনায় কমিউটার ট্রেনটির ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়। দুপুর পৌনে ১টার দিকে দুর্ঘটনা ঘটলেও উদ্ধার কাজ শুরু হয় ঘটনার প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর।
