২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মহেড়া রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Oct 2026, 12:07 PM

Updated : 29 Oct 2026, 12:18 PM

টাঙ্গাইলের মির্জাপুরে একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মহেড়া রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে বলে মহেড়া রেলওয়ে স্টেশন মাস্টার সোহেল রানা জানিয়েছেন।

লাইন বন্ধ থাকায় দেশের বিভিন্ন রেলস্টেশনে একাধিক ট্রেন আটকা পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই রুটের যাত্রীরা।

স্টেশন মাস্টার সোহেল রানা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটি চিলাহাটির দিকে যাচ্ছিল৷ মহেড়া রেলস্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগির চাকা লাইন থেকে সড়ে যায়। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়৷

তিনি বলেন, “এর ফলে ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় এ অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে করে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে।"