মানিকগঞ্জে ‘হেরোইন-গাঁজা-ইয়াবাসহ ৮ কারবারি’ গ্রেপ্তার
এসব ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ডিবি কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন।
মানিকগঞ্জে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ আটজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। যাদের মাদক কারবারি বলেছে ডিবি।
গত রোববার সকাল থেকে রাত পর্যন্ত আলাদা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জেলা ডিবির ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান।
তিনি জানান, মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর মেঘশিমুল থেকে জয়রা এলাকার মো. সোহেল, হরিরামপুর উপজেলার মো. আসিফ (৩৪), নড়াইল জেলার নড়াগাতী উপজেলার মো. কুদ্দুস শেখ (৪১), জয়রা এলাকার তারিক হাসান রনিকে (২৬) ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
একই দিন অপর একটি অভিযানে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া থেকে নয়াডিঙ্গি এলাকার মো. তুলা মিয়া (৪৮), ঘিওরের ঘোস্তা এলাকার মো. রবিউল ইসলামকে (৪৪) ২০ গ্রাম হেরোইন ও এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
সিংগাইরে আলাদা অভিযানে বড়বাকা এলাকা থেকে ইয়াকুব আলী (২৪) এবং স্বাধীন নামের দুজনকে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার করা হয়েছে।
এসব ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ডিবির মোহাম্মদ মোশাররফ হোসেন।
