১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আটক ৭ ‘দালালের’ কারাদণ্ড

র‌্যাব জানায়, আটকরা দীর্ঘ দিন ধরে হাসপাতালটির অসহায় রোগীদের কাছ থেকে বিভিন্ন প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিত এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাজে বাধা প্রদান করছিল।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2023, 05:15 PM

Updated : 12 Oct 2023, 05:34 PM

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে সাত দালালকে আটকের কথা জানিয়েছে র‍্যাব ১৪। পরে তাদের প্রত্যেককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক তাদের এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শামছুল আলম (৪১), বিজয় দাস হরিজন (৪৫), তুষার আহমেদ (২৬), রতন মিয়া (৪৭), আলাল উদ্দিন (৩২), জুয়েল মিয়া (২৬), মো. পাভেল (২৩)। তারা নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।

এর আগে ওই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালে অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাব ১৪।

র‍্যাব ১৪ এর উপপরিচালক (অপারেশনস্) মো. আনোয়ার হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, দীর্ঘ দিন ধরে তারা হাসপাতালটির অসহায় রোগীদের সরকারি ওষুধ দেওয়ার কথা বলে ও উন্নত পরীক্ষা-নিরীক্ষা করিয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নিচ্ছিল এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাজে বাধা প্রদান করছিল।

আটক সাত জনকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা আনোয়ার হোসেন।