পঞ্চগড়ে হলদে-সাদা বর্ণের জলঢোঁড়া সাপ উদ্ধার
“অ্যালবিনিজম কোনো আলাদা প্রজাতি নয়। বরং সাপের জন্মগত একটি জিনগত বৈশিষ্ট্য।”
পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি জলঢোঁড়া সাপ উদ্ধার করা হয়েছে।
সাপটিকে নিজের তত্ত্বাবধানে রেখে চিকিৎসা দিচ্ছেন ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ও উদ্ধারকর্মী সহিদুল ইসলাম।
২৭ অক্টোবর উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হলদিয়াপুকুর এলাকার একটি পুকুরে টেঁটা দিয়ে স্থানীয়রা সাপটিকে আহত করে। সেখানে ইমন নামে এক তরুণ সাপটিকে তাদের কাছ থেকে উদ্ধার করে সহিদুলের কাছে নিয়ে যান।
তবে সাপটিকে ‘নির্বিষ’ জলঢোঁড়া বলা হলেও তা নিশ্চিত হতে কিছু সময়ের প্রয়োজন বলে জানিয়েছেন সাপ উদ্ধার ও সংরক্ষণে কাজ করা দলের প্রধান সহিদুল ইসলাম।
তিনি বলেন, “অ্যালবিনিজম কোনো আলাদা প্রজাতি নয়। বরং সাপের জন্মগত একটি জিনগত বৈশিষ্ট্য। এ অবস্থায় শরীরে মেলানিন উৎপাদন কমে যায় বা একেবারেই বন্ধ হয়ে যায়। ফলে প্রাণীর স্বাভাবিক গায়ের রঙের পরিবর্তন ঘটে।
“অনেক ক্ষেত্রে চোখের রঙেও পরিবর্তন ঘটে। সাধারণত এই প্রজাতির সাপের শরীরে বাদামি ও কালচে ছোপ দেখা যায়।”
সহিদুল ইসলাম বলেন, তবে অ্যালবিনো বৈশিষ্ট্যের কারণে উদ্ধার হওয়া সাপটির শরীরে হলদেটে সাদা রঙের ব্যতিক্রমী উপস্থিতি দেখা গেছে।
তিনি বলেন, “আমরা এক মাস সাপটিকে চিকিৎসাসহ পর্যবেক্ষণে রেখে পরে অবমুক্ত করে দিব। এমন সাপ পঞ্চগড় আগে কখনো ধরা পড়েনি।”
