কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কাঠুরিয়ার মৃত্যু
তিন বাক প্রতিবন্ধী সন্তানের জনক আলম বন থেকে লাকড়ি সংগ্রহ করে বাজারজাত করে সংসার চালাতেন।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় হাতির আক্রমণে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে।
উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হাফেজ জিয়াউল হক জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তার ওয়ার্ডের পুইট্রাঝিরি এলাকার গহীন অরণ্যে এ ঘটনা ঘটে।
নিহত ৬০ বছর বয়সী ছৈয়দ আলম ওই ইউনিয়নের দরগাহ পাড়া এলাকার দানু মিয়ার ছেলে।
নিহতের পরিবারের বরাতে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হাকিম নুকি বলেন, “তিন বাক প্রতিবন্ধী সন্তানের জনক আলম বন থেকে লাকড়ি সংগ্রহ করে বাজারজাত করে সংসার চালাতেন। প্রতিদিনের মত বুধবার সকালে তিনি বনে লাকড়ি সংগ্রহ করতে যান। এ সময় বন্যহাতির আক্রমণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
“পরে কাঠুরিয়ারার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার পরিবারের লোকজনকে খবর দেয়। এরপর স্বজনরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।”
অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন বলেন, কাঠ সংগ্রহ করতে গিয়ে এক কাঠুরিয়া হাতির আক্রমণে মারা গেছেন। স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ হস্তান্তর করা হয়েছে।
