২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে স্রোতের টানে ভেসে গেছে ভাই, বোনকে উদ্ধার

ঈদের দিন দুপুরে নাইম ও নাদিয়া নানাবাড়ি থেকে খালার বাড়ি বেড়াতে যাচ্ছিল।

সুনামগঞ্জে স্রোতের টানে ভেসে গেছে ভাই, বোনকে উদ্ধার

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ভেসে যাওয়া শিশুকে উদ্ধারে স্থানীয়দের তল্লাশি।

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2023, 05:12 PM

Updated : 29 Jun 2023, 05:12 PM

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ভাঙা রাস্তার পানি পার হওয়ার সময় স্রোতের টানে ভেসে যায় ভাই-বোন। স্থানীয়রা বোনকে জীবিত উদ্ধার করতে পারলেও নিখোঁজ রয়েছে ভাই।   

ঈদের দিন বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলার চামরদানি গ্রামের বাংলাবাজার সড়কে এ ঘটনা ঘটে বলে মধ্যনগর থানার ওসি মো. জাহিদুল হক জানান।  

নিখোঁজ শিশু নাইম নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার অতিথপুর গ্রামের রেহান মিয়ার ছেলে।

শিশুটির খালু ময়না মিয়া জানান, বুধবার নাইম তার মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে। ঈদের দিন দুপুরে নাইম ও তার বোন নাদিয়া (১৩) নানাবাড়ি থেকে খালার বাড়ি বেড়াতে যাচ্ছিল।

“পথে একটি কালভার্ট পার হতে হয়। সেখানকার অ্যাপ্রোচ সড়কের একটি অংশ ভাঙা। সেখান দিয়ে পানি বইছে। সেই পানি পার হতে গিয়ে কোনোভাবে পড়ে স্রোতের টানে দুই শিশুই ভেসে যায়। 

ময়না মিয়া আরও বলেন, “নাদিয়ার চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তৎক্ষণাৎ তাকে উদ্ধার করতে পারলেও নাইম নিখোঁজ হয়। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়েও আমরা নাইমকে উদ্ধার করতে পারিনি।”

ওসি জাহিদুল বলেন, “স্থানীয়রা দেশি জাল নিয়ে হাওরে শিশুটিকে খোঁজছেন।”