পিরোজপুরে যুবককে হত্যা: শরীরে ২৮ কোপ
বুধবার ইফতারের পর হাসিবকে সাবেক ইউপি সদস্যের লোকজন ডেকে নিয়ে যায় বলে পরিবারের অভিযোগ।
পিরোজপুরের কাউখালীতে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা যুবকের শরীরে ২৮টি কোপের চিহ্ন পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর সাংবাদিকদের এ কথা জানান রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায়।
নিহত ২৬ বছর বয়সী হাসিব বয়াতী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের মো. ইউনুস বয়াতির ছেলে।
এ ঘটনায় ইউনুস বয়াতি বাদী হয়ে কাউখালী থানায় ১৩ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন।
হাসিবের মা নিরু বেগম বলেন, “দীর্ঘদিন ধরে আমার স্বামীর সঙ্গে সাবেক ইউপি সদস্য মহারাজ মোল্লার জমি নিয়ে বিরোধে ছিল। বুধবার ইফতারের পর হাসিবকে মহারাজ মোল্লার লোকজন ডেকে নিয়ে যায়।
“কিছুক্ষণ পর চিৎকার শুনে টর্চ লাইট নিয়ে পাশের ভিটায় গিয়ে হাসিবকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হাসিবকে মৃত ঘোষণা করেন।”
ওসি পুলক চন্দ্র রায় জানান, নিহতের গলায়, পেটে ও দুই পায়ে জখমসহ ২৮টি কোপের চিহ্ন পাওয়া গেছে।
“ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
কাউখালী থানার ওসি জাকারিয়া জানান, হাসিবের বাবার সঙ্গে মহারাজ মোল্লার সম্পর্ক ভালো ছিল না। বুধবার সন্ধ্যায়ও তাদের কাটাকাটি হয়।
আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে ওসি জাকারিয়া জানান।
আরও পড়ুন:
